


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী ১৪ নভেম্বর কলকাতার সায়েন্স সিটিতে শুরু হতে চলেছে ডাকটিকিটের নজরকাড়া প্রদর্শনী। চারদিনের প্রদর্শনীটির নাম দেওয়া হয়েছে ‘বঙ্গপেক্স’। ডাকবিভাগের পশ্চিমবঙ্গ সার্কেলের চিফ পোস্টমাস্টার জেনারেল অশোক কুমার জানিয়েছেন, এরাজ্যের পাশাপাশি দেশের নানা প্রান্তের ডাকটিকিট সংগ্রাহকরা ওই প্রদর্শনীতে অংশ নেবেন। বিরল থেকে অতি বিরল ডাকটিকিটের সম্ভার থাকবে সেখানে। প্রতিদিন আলাদা আলাদা করে বিভিন্ন দিক উদযাপন করা হবে, যার মধ্যে রয়েছে বাংলা সিনেমা, বাংলার নবজাগরণ, সংস্কৃতিচর্চা প্রভৃতি। এই প্রদর্শনীর সঙ্গেই থাকবে বসে আঁকো প্রতিযোগিতা, ক্যুইজ সহ নানা অনুষ্ঠান। প্রদর্শনীকে কেন্দ্র করে প্রকাশিত হবে নয়া কভার ও পিকচার পোস্টকার্ড। অশোক কুমারের কথায়, নয়া প্রজন্মের পড়ুয়ারা ডাকটিকিট সংগ্রহের প্রতি আগ্রহ হারাচ্ছে। তাঁদের আগ্রহ ফিরিয়ে আনার উদ্দেশ্যেই এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। সোশ্যাল মিডিয়ার দাপটের মধ্যেই যাতে অবসর সময় কাটানোর জন্য ডাকটিকিট সংগ্রহে তাঁরা জোর দেন, সেটাই এই অনুষ্ঠানের মূল লক্ষ্য।