


নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: পুজো মরশুমে মাইক বাজানোর সময়সীমা কমিয়ে দিল চন্দননগর কমিশনারেটের পুলিশ। সকালে এক ঘণ্টা এবং রাতে এক ঘণ্টা, মোট দু’ঘণ্টা সময় কমিয়ে দেওয়া হয়েছে। চন্দননগর কমিশনারেটের পুলিশ এনিয়ে নির্দেশিকা জারি করেছে। সমস্ত পুজো কমিটিকেই ওই নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে। জানা গিয়েছে, নতুন নিয়মে সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত মাইক বাজানো যাবে। আগে সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত মাইক বাজানোর সময়সীমা ছিল। তবে মাইক বাজানো হলেও শব্দের মাত্রা নিয়ে আদালত নির্দেশিত মাত্রাই মেনে চলতে হবে।
পুলিশ কর্তাদের ওই উদ্যোগে শব্দদানবের তাণ্ডব নিয়ে সাম্প্রতিক সময়ে সরব হওয়া একাধিক সংগঠন উচ্ছ্বাস প্রকাশ করেছে। হুগলির বাজি ও ডিজে বক্সবিরোধী মঞ্চের কর্মকর্তা গৌতম সরকার বলেন, শব্দদানবের তাণ্ডব নিয়ে নিয়ম অনেক থাককেও তা সর্বদা মান্যতা পায় না। পুলিশ কর্তারা শব্দের দাপট দু’ঘণ্টা কমিয়েছেন। এটা খুবই ভালো বিষয়। প্রবীণ থেকে নবীন– সকলেই এতে খুশি হবেন।