


নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ভারতের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে বিগত ১১ বছরের সাফল্য। নরেন্দ্র মোদির নেতৃত্বে এই যাত্রা ভারতকে অতীতের অনগ্রসরতা থেকে অনেকদূর নিয়ে এসেছে বলে দাবি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। কেরলের এক অনুষ্ঠানে শুক্রবার তিনি বলেন, অটলবিহারী বাজপেয়ির শাসনকালে ভারতীয় অর্থনীতির স্থান ছিল একাদশতম স্থানে। আর নরেন্দ্র মোদির ১১ বছরে ভারতের অর্থনীতি উঠে এসেছে বিশ্বের মধ্যে চতুর্থ স্থানে। এখানেই শেষ নয়। যতদিন না আমরা সর্বোচ্চ শিখরে পৌঁছব, ততদিন আমরা কেউই বিশ্রাম নেব না। কারও বিশ্রাম নেওয়ার অধিকার নেই। মোদিজি দেশের স্বর্ণযাত্রাকাল নির্ধারণ করে দিয়েছেন। স্বাধীনতার ৭৫ তম বর্ষ থেকে ১০০ তম বর্ষে পদার্পণের এই যাত্রায় প্রত্যেক ভারতবাসীকে তাদের সর্বোচ্চ কর্মশক্তি নিয়োগ করতে হবে। অমিত শাহের দাবি, শান্তি এবং উন্নয়নে বিগত ১১ বছর ভারতের স্বর্ণযুগ। ভারতের ইতিহাসে এই সময়কালের কথা লেখা হবে সোনার অক্ষর দিয়ে। বিজেপি এবং মোদি সরকার বারংবার ভারতের ৫ হাজার বছরের সভ্যতাকে বিশ্বের শ্রেষ্ঠ বলে থাকে। সেই ৫ হাজার বছরের দীর্ঘ যাত্রার মধ্যে অমিত শাহ বিশেষ ভাবে চিহ্নিত করলেন ২০১৪ থেকে ২০২৫ সালকে। তাঁর অভিমত, ভারতের ইতিহাসে স্বর্ণযুগ এই ১১ বছরই।