


নয়াদিল্লি: পশ্চিম এশিয়ায় যুদ্ধ লেগেছে। এর জেরে জ্বালানি সংকট দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে বাড়বে আমদানি খরচ বাড়বে। ফলে চড়া মুদ্রাস্ফীতির আশঙ্কা রয়েছে। সামগ্রিক প্রতিকূল পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ভারতের আর্থিক বৃদ্ধির পূর্বাভাস কমিয়ে দিল মুডিজ। আন্তর্জাতিক এই রেটিং সংস্থা আগে জানিয়েছিল, চলতি অর্থবর্ষে দেশের জিডিপি বৃদ্ধির হার হবে ৬.৮ শতাংশ। সেই পূর্বাভাস সংশোধন করে এবার মুডিজ জানিয়েছে, এবার এই হার হতে পারে ৬ শতাংশ। আশঙ্কার এখানেই শেষ নয়। মুডিজের মতে, সারের ব্যাপারে ভারত অনেকাংশেই পশ্চিম এশিয়ার উপর নির্ভরশীল। যুদ্ধ পরিস্থিতিতে সারের আমদানি কমেছে। এর প্রভাবে খাদ্য মুদ্রাস্ফীতিও বাড়বে।
সংকট আরও রয়েছে। মুডিজ জানিয়েছে, সদ্যসমাপ্ত অর্থবর্ষে গড় মুদ্রাস্ফীতির হার ছিল ২.৪ শতাংশ। চলতি অর্থবর্ষে তা বেড়ে দাঁড়াবে ৪.৮ শতাংশ। চড়া মুদ্রাস্ফীতি এবং ঝিমিয়ে পড়া আর্থিক গতি সত্ত্বেও ব্যাংকের সুদের হার অপরিবর্তিত বলেই মনে করছে এই রেটিং সংস্থা। তবে ভূ-রাজনৈতিক উত্তেজনার মেয়াদ এবং ভারত কীভাবে জ্বালানি সংকট মোকাবিলা করছে, তার উপর সুদের হার অনেকটাই নির্ভর করবে। সেক্ষেত্রে ধাপে ধাপে সুদের হার বাড়ানো হতে পারে।
উল্লেখ্য, গত মাসে অর্গানাইজেশন ফর ইকনমিক কর্পোরেশন অ্যান্ড ডেভেলপমেন্টও (ওইসিডি) গত অর্থবর্ষের থেকে চলতি অর্থবর্ষে দেশের আর্থিক বৃদ্ধির হার কমতে পারে বলে জানিয়েছিল। সংস্থার মতে, ২০২৫-২৬ অর্থবর্ষে দেশের বৃদ্ধির হার ছিল ৭.৬ শতাংশ। সেটা কমে হবে ৬.১ শতাংশ।