


নতুন জুটি নিয়ে দর্শকের সবসময়ই উৎসাহ থাকে। এবার ইন্ডাস্ট্রিতে ফের নতুন জুটি তৈরি হবে বলে খবর। কারণ অল্লু অর্জুনের বিপরীতে প্রথমবার কাজ করবেন অভিনেত্রী ম্রুনাল ঠাকুর। ‘জওয়ান’ খ্যাত পরিচালক অ্যাটলির সঙ্গেও নায়িকার প্রথম কাজ। অ্যাকশন ঘরানার এই ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করার কথা অল্লুর। ইতিমধ্যে তার জন্য যাবতীয় প্রস্তুতি শুরু করেছেন নায়ক। শোনা যাচ্ছে, ছবির গল্পে প্রেম এবং অ্যাকশনের সংমিশ্রণ থাকবে। ‘হাই নানা’, ‘ফ্যামিলি স্টার’ সহ বেশ কয়েকটি ছবিতে ম্রুনালের পারফরম্যান্স প্রশংসিত। অল্লু নিজেও ম্রুনালের অভিনয় দেখেছেন। অন্যদিকে, অভিনেত্রীও অল্লুর সঙ্গে কাজ করতে মুখিয়ে রয়েছেন। ‘পুষ্পা ২’-এর সাফল্যের পর তাঁর সঙ্গে কাজ করতে আগ্রহী অভিনেত্রী। কয়েকদিন আগেই মুম্বইয়ের স্টুডিওতে তাঁর লুক টেস্ট হয়েছে। ছবির জন্য চুক্তিবদ্ধও হয়েছেন তিনি। তবে কেবল ম্রুনাল নন, এই ছবিতে আরও দু’জন নায়িকা থাকবেন বলে খবর। শোনা যাচ্ছে, সেই দু’জনই বলিউডের বড় তারকা— দীপিকা পাড়ুকোন ও জাহ্নবী কাপুর। জাহ্নবীর সঙ্গে নাকি ইতিমধ্যে কথাবার্তা চূড়ান্ত হওয়ার পথে। দীপিকার সঙ্গে আলোচনা চলছে। সবকিছু ঠিক থাকলে চলতি বছর আগস্ট বা সেপ্টেম্বরে শ্যুটিং শুরু হবে বলে খবর।