


নিজস্ব প্রতিনিধি, বারাসত: অশোকনগরে লাগাতার ঘটছিল সোনার হার ছিনতাইয়ের ঘটনা। শীতে এই প্রবণতা বাড়লেও তা ঠেকাতে ব্যর্থ হচ্ছিল পুলিশ। অবশেষে ছয়টি সোনার হারসহ দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করল অশোকনগর থানা। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম বাবু খান ও রাজা সিং। উদ্ধার হওয়া সোনার হারের দাম আনুমানিক সাত লক্ষ টাকা। এদিকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি বাইকও উদ্ধার করেছে পুলিশ।
মাসখানেক আগে অশোকনগরের সেনডাঙার বাসিন্দা নীলিমা মিস্ত্রি কল্যাণগড় মোড়ে একটি দোকানে বসে চা খাচ্ছিলেন। তাঁর ব্যাগ পাশেই রাখা ছিল। আচমকা দুই যুবক বাইকে চেপে এসে তাঁর ব্যাগটি ছিনতাই করে চম্পট দেয়। ওই অভিযোগের তদন্তে নেমে ২০ জানুয়ারি বাবু ও রাজাকে গ্রেপ্তার করে পুলিশ। দু-দফায় হেপাজতে নিয়ে ধৃতদের বাড়িতে তল্লাশি চালানো হয়। তাতে মোট ছয়টি চেন উদ্ধার হয়েছে। পুলিশের দাবি, তার ভিতরে ছিনতাই হওয়া সোনার চেনটিও রয়েছে।
পুলিশ সূত্রের খবর, ধৃত বাবু খানের বাড়ি হালিশহরে। আর রাজা সিং বিহারের বাসিন্দা, তবে হালিশহরে বাড়ি ভাড়া নিয়ে থাকে। তাদের নামে পুরানো অপরাধেরও অভিযোগ রয়েছে। তাদের অপরাধের হাত ভিনরাজ্যেও বিস্তৃত। ধৃতরা জেরায় সেকথা কবুলও করেছে। নীলিমাদেবীর সোনার চেন ছিনতাইয়ের পর দুই টুকরোয় ভাগ করে নিয়েছিল এই ‘দাগি’ দুষ্কৃতীরা। তেমন টুকরো আকারেই উদ্ধার হয়েছে সে-দুটি।
এই বিষয়ে শুক্রবার হাবড়ার এসডিপিও সুবীর বাগ ও আইসি অনুপম চক্রবর্তী এবং অশোকনগর থানার ওসি চিন্তামণি নস্কর এক সাংবাদিক সম্মেলন করেন। এসডিপিও জানান, ধৃতরা আন্তঃরাজ্য অপরাধের সঙ্গে যুক্ত বলে অভিযোগ পাওয়া গিয়েছে। তাদের সঙ্গে আর কেউ যুক্ত আছে কি না খতিয়ে দেখা হচ্ছে।