


ভুবনেশ্বর: বিজু পট্টনায়েক ‘সিআইএ-র চর’! সম্প্রতি এমন দাবি করেছেন গোড্ডার বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী সম্পর্কে এহেন মন্তব্য ভালোভাবে নেয়নি ওড়িশাবাসী। বিরোধী দল বিজেডির তরফে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। দলের সুপ্রিমো নবীন পট্টনায়েক সাফ জানিয়েছেন, ‘নিশিকান্ত দুবের মানসিক চিকিৎসা প্রয়োজন।’ এই ঘটনাকে সামনে রেখে দুবের নেতৃত্বাধীন সংসদীয় কমিটি থেকে পদত্যাগ করেছেন বিজেডির রাজ্যসভার সাংসদ সস্মিত পাত্র।
১৯৬১-৬৩ এবং ১৯৯০-৯৫ সালে ওড়িশার মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলেছেন বিজু পট্টনায়েক। বিজু জনতা দল (বিজেডি) তাঁর নামেই। স্বাধীনতা সংগ্রামে যোগ দেওয়ার পাশাপাশি দেশের স্বার্থে একাধিক নজির গড়েছেন তিনি। এহেন দেশপ্রেমিককে মার্কিন গুপ্তচর সংস্থা সিআইএ-র ‘চর’ বলেই ইঙ্গিত করেছেন নিশিকান্ত। তাঁর দাবি, ‘১৯৬২ সালে আমেরিকার টাকায় চীনের বিরুদ্ধে লড়েছিলেন জওহরলাল নেহরু। তিনি সিআইএ-র সঙ্গেও যুক্ত ছিলেন। আর সেই সময় নেহরু ও আমেরিকার মধ্যে যোগসূত্র হিসাবে কাজ করেছিলেন বিজু পট্টনায়েক।’ বাবার সম্পর্কে এহেন দাবি ‘মিথ্যাচার’ বলেই উড়িয়েছেন নবীন। তিনি বলেন, ‘আমি স্তম্ভিত। বিজু বাবু সম্পর্কে দুবে যা বলছেন তা ভিত্তিহীন।’ স্মৃতিচারণ করে তিনি আরও বলেন, ‘তখন আমি ছোটো ছিলাম। কিন্তু পরিষ্কার মনে আছে, চীনা আক্রমণ নিয়ে বিজু বাবু কতটা ক্ষুব্ধ ছিলেন। প্রতিরোধের জন্য তিনি কতটা উদ্যোগ নিয়েছিলেন।’ নিশিকান্তের মন্তব্য নিয়ে ক্ষোভে ফুঁসছেন বিজেডি নেতারাও। দলের সহ সভাপতি দেবী প্রসাদ মিশ্রও বিজেপি এমপির মন্তব্যের তীব্র নিন্দা করে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন।