


সাও পাওলো: ফুটবল বিশ্বকাপ শুরু ১১ জুন। কিন্তু ব্রাজিল স্কোয়াডে আদৌ কি নেইমারকে দেখা যাবে? সাম্বা তারকাকে নিয়ে প্রবল দুশ্চিন্তায় অনুরাগীরা। এমন পরিস্থিতিতে ব্রাজিলিয়ান লিগে ভাস্কো দ্য গামার বিরুদ্ধে জ্বলে উঠলেন নেইমার। স্যান্টোসের জার্সিতে জোড়া গোল তাঁর। ২-১ ব্যবধানে দলের জয়ে তিনিই নায়ক। কিন্তু আসল টুইস্ট এরপরেই। সমালোচকদের কার্যত একহাত নিয়ে অভিমান উগরে দিয়েছেন তিনি। নেইমারের মন্তব্য, ‘আগের ম্যাচে একেবারেই খেলতে পারিনি। সবদিন সমান যায় না। অনেকেই মনে করেন, হয়তো আমিই পৃথিবীর নিকৃষ্টতম ফুটবলার। রাতারাতি নিশ্চয়ই অবস্থান বদলাবে না।’ কিন্তু নেইমারের অভিমানে ব্রাজিল কোচ কার্লো আনসেলোত্তির মন গলবে কি? ছন্দে থাকলে এই শিল্পী ফুটবলার যে কোনো দলেরই সম্পদ। কিন্তু তাঁর ফোকাস যে বড়ই নড়বড়ে।