


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রবীর মাহাত হত্যা মামলা থেকে অব্যাহতি চান। এজন্য আদালতে আর্জি জানিয়েছিলেন জঙ্গলমহলের নেতা ছত্রধর মাহাত। কলকাতার বিচারভবনের মুখ্য বিচারক সুকুমার রায়ের এজলাসে বৃহস্পতিবার ছিল সেই আবেদনের শুনানি। এদিন এনআইএ’র তরফে এই আর্জির জোরালো আপত্তি জানানো হয়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে বলা হয়, লালগড়ে সিপিএম নেতা খুনের মামলায় যথেষ্ট তথ্য‑প্রমাণ রয়েছে। তাই অভিযুক্তের বিরুদ্ধে চার্জগঠনসহ বিচারপ্রক্রিয়া চলতেই পারে। এই মামলায় একাধিক সাক্ষীর বয়ানও মিলেছে। এই মামলা নিয়ে সেসবেও রয়েছে নানা তথ্য।
অন্যদিকে, ছত্রধর মাহাতর তরফে আইনজীবীর অভিযোগ, ‘রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতেই আমাদের মক্কেলকে অকারণ জড়ানো হয়েছে। তথ্য‑প্রমাণের অভাবে, রাজধানী এক্সপ্রেসের চালক অপহরণ মামলা থেকে কিছুদিন আগেই আদালত তাঁকে বেকসুর খালাস দিয়েছিল। সেই মামলাতেও এনআইএ চার্জগঠন করে শুনানি চেয়েছিল। কিন্তু শেষপর্যন্ত আমরাই আদালত থেকে ন্যায়বিচার পাই। তাই দীর্ঘদিনের পুরনো এই খুনের মামলা থেকেও আমাদের মক্কেলের ‘মুক্তি’ চাইছি। কারণ মামলায় এমন কোনও তথ্য নেই, যার সুবাদে এই হত্যা‑কাণ্ডের বিচার চলতে পারে।’
এদিন এই আর্জির শুনানি অসমাপ্ত থাকে। পরবর্তী শুনানির ৮ আগস্ট। ছত্রধরের দুই কৌঁসুলি জাকির হোসেন ও সঞ্জয় সিং কোর্ট চত্বরে দাঁড়িয়ে বলেন,‘আগামী শুনানির দিন এনআইএ’র সওয়াল শেষ হলেই আমাদের আইনি বক্তব্য কোর্টে তুলে ধরব। আদালতের উপর আমাদের ভরসা আছে।’