


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী কাল, রবিবার। অসংখ্য পরীক্ষার্থী ও অভিভাবক ছুটির দিন হলেও এই কারণে সকালবেলায় পথে বেরবেন। এই বিরাট সংখ্যক মানুষকে সহজে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিতে রবিবার বিশেষ মেট্রো পরিষেবা দেবে বলে জানিয়েছে রেল। জানা গিয়েছে, শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর এবং হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ রুটে দিনের প্রথম মেট্রো চালু হবে এক ঘণ্টা আগে। নর্থ-সাউথ ও ইস্ট-ওয়েস্ট জোড়া করিডরে কাল সকাল আটটায় শুরু হবে মেট্রো চলাচল। ব্লু-লাইনে আটটা থেকে ন’টা এই এক ঘণ্টা সময়সীমায় ২০ মিনিট অন্তর আপ-ডাউনে তিন জোড়া বাড়তি মেট্রো পরিষেবা মিলবে। যদিও দিনের শেষ মেট্রোর সময়সূচি অপরিবর্তিত থাকছে। অন্যদিকে গঙ্গার তলদেশের মেট্রো একইভাবে সকাল আটটা থেকে ন’টা ২০ মিনিট অন্তর চলাচল করবে। দিনের শেষ মেট্রো অন্যান্য দিনের মতোই যাত্রী নিয়ে ছুটবে। নোয়াপাড়া-বিমানবন্দর রুট রবিবারের সূচি মেনেই দেবে পরিষেবা। জোকা-মাঝেরহাট ও কবি সুভাষ-বেলেঘাটা মেট্রো লাইন কাল অন্যান্য রবিবারের মতো পুরোপুরি বন্ধ থাকবে।