


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্য মন্ত্রিসভার অনুমোদনের পর ডব্লুবিসিএস পরীক্ষার নতুন সিলেবাসের বিজ্ঞপ্তি জারি করে দিল রাজ্য সরকার। ডব্লুবিসিএস-এর প্রিলিমিনারি ও মেইন পরীক্ষায় কী কী বিষয় এবং কত নম্বর করে থাকবে, তা বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তরের এই বিজ্ঞপ্তিতে। রাজ্য সরকার আগে সিদ্ধান্ত নিয়েছিল ডব্লুবিসিএস পরীক্ষার ধরনে কিছু পরিবর্তন করা হবে। ইউপিএসসি’র সিভিল সার্ভিস পরীক্ষার মডেলে নেওয়া হবে ডব্লুবিসিএস পরীক্ষা। এজন্য দুটি বিজ্ঞপ্তি জারি হয়। কিন্তু সেই সিদ্ধান্ত পরিবর্তন করে আগে যেভাবে পরীক্ষা নেওয়া হতো সেভাবেই নেওয়ার সিদ্ধান্ত সম্প্রতি নেওয়া হয়। এরপর মন্ত্রিসভার বৈঠকে পরীক্ষা সংক্রান্ত সেই প্রস্তাবটি অনুমোদনের পর বিজ্ঞপ্তি জারি করা হল। চলতি বছরে রাজ্য পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) ডব্লুবিসিএস পরীক্ষা নেবে বলে প্রশাসনিক সূত্রে ইঙ্গিত পাওয়া গিয়েছে। ২০২২ সালের ডব্লুবিসিএস পরীক্ষায় সফল পরীক্ষার্থীদের তালিকা সম্প্রতি প্রকাশিত হয়েছে।
আগে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছিল ডব্লুবিসিএস মেইন পরীক্ষায় পরীক্ষার্থীদের বাংলা বা নেপালি ভাষায় বাধ্যতামূলক লিখিত পরীক্ষায় বসতে হবে। ভাষা পরীক্ষাটি হবে মাধ্যমিক স্তরের। মেইন পরীক্ষায় ইংরেজির একটি পেপার থাকবে। ইউপিএসসির সিভিল সার্ভিস পরীক্ষাতেও ভাষার উপর পেপার থাকে। রাজ্য সরকার এই সিদ্ধান্ত নেওয়ার পর বিভিন্ন মহল থেকে দাবি ওঠে, রাজ্যের বহু মানুষ হিন্দি, উর্দু ও সাঁওতালি ভাষা ব্যবহার করেন। তাই ভাষার পেপার হিসেবে এগুলি রাখা হোক। ওই প্রেক্ষিতে রাজ্য সরকার ঠিক করেছে, ভাষার আবশ্যিক পেপারগুলির মধ্যে বাংলা, নেপালি ছাড়াও, উর্দু, হিন্দি ও সাঁওতালি থাকবে। এই ভাষাগুলির মধ্যে পরীক্ষার্থীরা একটি বেছে নিতে পারবেন। আবশ্যিক পেপারগুলি ছাড়া ডব্লুবিসিএস পরীক্ষায় একটি অপশনাল বা ঐচ্ছিক বিষয়ের দুটি পেপারের পরীক্ষা দিতে হয়। এই বিষয়গুলির মধ্যে নেপালিকে অন্তর্ভুক্ত করার দাবি উত্তরবঙ্গ থেকে উঠেছিল। তার প্রেক্ষিতে নেপালিকে ঐচ্ছিক বিষয়ের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। মেইন পরীক্ষায় অপশনাল বা ঐচ্ছিক বিষয় রাখা হয়েছে মোট ৩৮টি। তার মধ্যে থেকে একটি বিষয় নিয়ে দুটি পেপারের উপর পরীক্ষা দিতে হয়। অপশনাল বিষয়ের তালিকাতেও বাংলা, হিন্দি, সাঁওতালি, উর্দু, সংস্কৃতসহ আরও কয়েকটি ভাষা আছে।