


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রচারের শেষ লগ্নে কলকাতার বুকে প্রচারে ঝড় তুলতে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ২৭ এপ্রিল শেষদিন যাদবপুর থেকে ভবানীপুর, তাঁর ‘পয়া’ পথে পদযাত্রার পরিকল্পনা। শহরের রাজপথে প্রায় ১০ কিলোমিটারেরও বেশি পথজুড়ে হবে মহামিছিল। তৃণমূল সুপ্রিমো যাদবপুর থেকে শুরু করে দক্ষিণ কলকাতার প্রায় সব কেন্দ্র ছুঁয়ে ভবানীপুরে নিজের বিধানসভা কেন্দ্রে শেষ করবেন পদযাত্রা। এই মেগা শো ঘিরে এখন থেকেই তুঙ্গে উঠেছে উত্তেজনা।
২৯ এপ্রিল, বুধবার শেষ দফার নির্বাচন। তার আগে ২৭ এপ্রিল অর্থাৎ সোমবারই প্রচারের শেষ দিন। ওই দিন দুপুরে যাদবপুরের এইট বি থেকে মহামিছিল শুরু করার কথা তৃণমূলনেত্রীর। যাদবপুর, টালিগঞ্জ, বালিগঞ্জ, যাদবপুর, রাসবিহারী, কসবা, ভবানীপুর কেন্দ্র ছুঁয়ে পদযাত্রা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
তৃণমূল সূত্রে জানা গিয়েছে, ২৪ এপ্রিল মিছিল হওয়ার কথা ছিল। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিলের তারিখ পরিবর্তন করে ২৭ তারিখ করা হয়েছে। দুপুরে যাদবপুর থেকে শুরু করে যাদবপুর থানা, ঢাকুরিয়া, গোলপার্ক, গড়িয়াহাট, বালিগঞ্জ, বালিগঞ্জ ফাঁড়ি হয়ে হাজরা রোড ধরবে পদযাত্রা। তারপর শরৎ বোস রোড থেকে মিছিল যাবে পদ্মপুকুরের দিকে। সেখান থেকে মাধব চ্যাটার্জি স্ট্রিট, অ্যাস্টন রোড, চক্রবেরিয়া রোড, চক্রবেরিয়া সাউথ, পদ্মপুকুর রোড ধরে তৃণমূল নেত্রীর মিছিল পৌঁছবে যদুবাবুর বাজারে। সেখান থেকে হাজরা মোড় হয়ে গোপালনগর কিংবা একবালপুর পর্যন্ত পদযাত্রা করতে পারেন মমতা। মিছিলে তৃণমূল সুপ্রিমোর পাশে হাঁটবেন তৃণমূলের টালিগঞ্জের প্রার্থী অরূপ বিশ্বাস, যাদবপুরের দেবব্রত মজুমদার, রাসবিহারীর দেবাশিস কুমার, বালিগঞ্জের শোভনদেব চট্টোপাধ্যায় এবং কসবার জাভেদ খান। কলকাতার মেয়র তথা বন্দর বিধানসভার তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিমেরও পদযাত্রায় অংশ নেওয়ার কথা। এছাড়া থাকবেন কাউন্সিলার ও স্থানীয় নেতানেত্রীরা। এই কেন্দ্রগুলি ছুঁয়ে নিজের নির্বাচনি কেন্দ্র ভবানীপুরে মহামিছিল শেষ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
নির্বাচনি প্রচারে রাজ্যজুড়ে প্রচার করেছেন তৃণমূলনেত্রী। আজ, বৃহস্পতিবার রাজ্যে প্রথম দফার নির্বাচন। এদিন ১৫২ কেন্দ্রে প্রার্থীদের ভাগ্য ঠিক হবে। নির্বাচন ঘোষণার পর থেকে বিশেষ করে এই ১৫২ কেন্দ্রে নজর দিয়েছিলেন মমতা। আর ভবানীপুর সামলানোর দায়িত্ব দিয়েছিলেন সুব্রত বক্সি, ফিরহাদ হাকিমকে। এবার নিজের-সহ কলকাতা ও পার্শ্ববর্তী কেন্দ্রগুলির দিকে নজর দিয়েছেন। বাকি জায়গায় মিছিল ও সভার পর ২৭ তারিখ কলকাতার কেন্দ্র ছুঁয়ে মহামিছিল করতে চলেছেন মমতা।
তবে এই মহামিছিলের সময়সূচি এখনও নির্ধারিত হয়নি। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, ওই দিন বা তার আগে শ্যামবাজার, গিরীশ পার্ক অঞ্চলেও মিছিল করার পরিকল্পনা আছে তৃণমূল সুপ্রিমোর। সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের বাড়ি গিয়ে সেখানেও শ্রদ্ধা জানাতে পারেন মমতা। তবে তাঁর রাজনৈতিক কর্মসূচি নিয়ে নির্বাচন কমিশন মাঝেমধ্যেই সমস্যা তৈরি করছে বলে অভিযোগ করেছেন তিনি নিজে। ভবানীপুরেই কয়েকটি মিটিংয়ে ‘না’ বলে দেওয়া হয়েছে বলে অভিযোগ। এসবের মধ্যেই প্রায় রোজ অন্যান্য প্রচারসূচি শেষ করে ভবানীপুরের বিভিন্ন এলাকায় ঘুরছেন মমতা। কখনও চায়ের আড্ডায় জনসংযোগ, কখনও বিভিন্ন মন্দির-মসজিদ, কখনও অভিজাত আবাসনে গিয়ে বাসিন্দাদের সঙ্গে আলাপচারিতা করছেন। সেখানে নিজস্ব ঢঙেই চালিয়ে যাচ্ছেন জনসংযোগ।