


চলতি বছর প্রথমবার মেট গালার ফ্যাশন সরণিতে হেঁটেছেন শাহরুখ খান। আর প্রথমবারেই তাক লাগিয়েছেন অভিনেতা। সেই চমকের দ্যুতি প্রতিফলিত হল নিউ ইয়র্ক টাইমস প্রকাশিত ‘২০২৫ সালের সবচেয়ে স্টাইলিশ ব্যক্তিত্ব’ তালিকাতেও। বিশ্বের ৬৭জন ব্যক্তির নাম রয়েছে এই তালিকায়। সেখানেই রয়েছেন কিং খান। তাঁর প্রসঙ্গে লেখা হয়েছে, ‘বিশ্বজুড়ে ভক্তদের কাছে তিনি এসআরকে নামে পরিচিত। বলিউডের এই সুপারস্টার প্রথমবার মেট গালায় অংশ নিয়েছেন এ বছর। নিজস্ব কায়দায় গোটা অনুষ্ঠানটিকেই আচ্ছন্ন করেছিলেন তিনি। নিয়ে গিয়েছিলেন আপন জগতে।’ উল্লেখ্য, ডিজাইনার কালো পোশাকে সেজে এ বছর মেট গালায় অংশ নেন শাহরুখ। তাঁর গলার ‘কে’ লকেট বিশেষভাবে নজর কেড়েছিল। তা যেন ইঙ্গিত দিয়েছিল পরের ছবি ‘কিং’-এর দিকেই।