


নয়াদিল্লি: ‘হরমুজ প্রণালীতে ক্ষেপণাস্ত্র হামলায় একমাত্র ভারতীয় নাবিকদেরই প্রাণ গিয়েছে।’ হরমুজ নিয়ে আয়োজিত আন্তর্জাতিক বৈঠকে বৃহস্পতিবার রাতে এভাবেই সরব হলেন বিদেশ সচিব বিক্রম মিস্রি। পশ্চিম এশিয়ায় যুদ্ধের ভয়াবহতা, অপূরণীয় ক্ষতি ও জ্বালানি সংকটের প্রসঙ্গ তুলে বিদেশ সচিবের বার্তা, এই সংকট থেকে উত্তরণের একমাত্র পথ হল উত্তেজনা হ্রাস ও সবপক্ষের মধ্যে সুষ্ঠু আলোচনা।
একমাস অতিক্রান্ত। ইজরায়েল-আমেরিকার হামলা ও ইরানের পালটা জবাবে এখনও বিধ্বস্ত পশ্চিম এশিয়া। গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালী নিয়েও উত্তেজনা অব্যাহত। কিন্তু যুদ্ধের নেপথ্যে থাকা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ অবরোধ নিয়ে দায় ঝেড়ে ফেলার চেষ্টায় রয়েছেন। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক স্তরে আলোচনার মাধ্যমে হরমুজ প্রণালীতে সমস্যার ইতি টানার চেষ্টা চলছে। সেই লক্ষ্যেই ব্রিটেনের আহ্বানে এক ভার্চুয়াল বৈঠকের আয়োজন করা হয়েছিল। সেখানে অংশ নিয়েছিল ৬০টির বেশি দেশ। বৃহস্পতিবার সেই বৈঠকে বিদেশ সচিব বিক্রম মিস্রি বলেন, ‘আন্তর্জাতিক জলপথে নিরাপদ ও অবাধ নৌ-চলাচল অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ পশ্চিম এশিয়ার পরিস্থিতির সঙ্গে ভারতের জ্বালানি নিরাপত্তা যে ওতপ্রোতভাবে জড়িত, সেই বিষয়টির উপরও জোর দেন তিনি। একইসঙ্গে হামলা-পালটা হামলার খেলায় ভারতীয় নাবিকদের প্রাণহানির বিষয়টি নিয়ে সরব হয়েছেন বিদেশ সচিব। উল্লেখ্য, হরমুজ প্রণালীতে ক্ষেপণাস্ত্র হামলার জেরে এখনও পর্যন্ত বিদেশি পতাকাবাহী জাহাজে কর্মরত তিন ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে।