


নিউ ইয়র্ক: ৫৩ বছর ধরে মহাকাশে গেলেও পৃথিবীর কাছাকাছি কোনো কক্ষপথে ঘুরেছে মানুষ। সোমবার সেই ইতিহাস বদলে দিল নাসার আর্টেমিস-২ অভিযান। এদিন চাঁদের মহাকর্ষীয় ক্ষেত্রে পৌঁছে যায় ওরিয়ন মহাকাশযান। ক্রু ক্যাপসুলের ভিতরে রয়েছেন রিড ওয়াইসম্যান, ভিক্টর গ্লোভার, জেরেমি হানসেন ও ক্রিস্টিনা কচ। জানা গিয়েছে, চাঁদকে অতিক্রম করে গভীর মহাকাশে যাত্রা করবেন তাঁরা। সেই সময়ে পৃথিবী থেকে মহাকাশযানের দূরত্ব থাকবে ৪ লক্ষ ৬ হাজার ৭৭৩ কিমি। সব ঠিকঠাক থাকলে এটাই হতে চলেছে মানবজাতির সর্বোচ্চ দূরত্বের মহাকাশযাত্রা। ১৯৭০ সালে মহাকাশচারীদের নিয়ে পৃথিবী থেকে ৪ লক্ষ ১৭১ কিমি দূরে গিয়েছিল অ্যাপোলো ১৩। এবার সেই নজির টপকে যাবেন ভিক্টর ও তাঁর সঙ্গীরা।
নাসা সূত্রে খবর, সোমবার ভারতীয় সময় রাত ১২টা ১৫ নাগাদ চাঁদের চারপাশে ঘুরে আসার প্রক্রিয়া শুরু করবে ওরিয়ন। মহাকাশ গবেষণার পরিভাষায় যাকে বলা হয় ‘লুনার ফ্লাইবাই’। চাঁদের উলটো দিক দেখে ফিরবেন চার নভশ্চর। এর জন্য ‘ফ্রি রিটার্ন ট্র্যাজেক্টরি’ ব্যবহার করবেন
তাঁরা। অর্থাৎ, শুধুমাত্র মহাকর্ষ শক্তিকে কাজে লাগিয়ে পৃথিবীতে ফিরবে ওরিয়ন। কোনো ইঞ্জিন থাকবে না। ফেরার পথেও ইতিহাস সৃষ্টি করবেন ভিক্টররা। জানা গিয়েছে, পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের সময় ওরিয়নের গতি থাকবে ৪০ হাজার ২০০ কিমি প্রতি ঘণ্টা। এর আগে এত দ্রুত গতিতে কখনো পৃথিবীতে প্রবেশ করেনি কোনো মানববাহী মহাকাশযান।