


নয়াদিল্লি: পহেলগাঁওতে হামলা নিয়ে হুমকি ও পাল্টা হুমকিতে জড়িয়ে পড়ল ভারত ও পাকিস্তানের গ্যাংস্টাররাও। কয়েকদিন আগে বৈসরণে হামলার প্রতিশোধ নেওয়া হবে বলে পাকিস্তানকে হুমকি দিয়েছিল কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাং। এবার হুমকি ভেসে এল আটারির ওপার থেকে। পাকিস্তানের ডন বলে পরিচিত শাহজাদ ভাট্টি সরাসরি লরেন্স বিষ্ণোই গ্যাংকে হুমকি দিয়েছে। তাদের সাফ কথা, বেশি বাড়াবাড়ি করলে এনসিপি নেতা বাবা সিদ্দিকি এবং কংগ্রেস নেতা তথা গায়ক সিধু মুসেওয়ালা খুনের সব তথ্য প্রকাশ করে দেবে। উল্লেখ্য, এই দুই খুনে নাম জড়িয়েছে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের।
গত ২২ এপ্রিল বৈসরণে জঙ্গি হামলায় মৃত্যু হয় অনেকের। এরপরই লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের পক্ষ থেকে প্রত্যাঘাতের হুমকি দিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়। তাতে বলা হয়, ‘তুমি হাত মেলালে আমি গলা লাগাব। চোখ রাঙালে তা উপড়ে নেব। এর থেকেও খারাপ ব্যবহার করলে পাকিস্তানে ঢুকে ইটের জবাব পাটকেলে দেব।’ সঙ্গে পাকিস্তানি জঙ্গি হাফিজ সইদের ছবিতে লাল ক্রস দিয়েছিল লরেন্স বিষ্ণোই গ্যাং। রবিবার ভিডিও বার্তায় শাহজাদ ভাট্টি গ্যাং জানিয়েছে, ‘হাফিজ সইদের দিকে কেউ যদি আঙুল তোলে বা তার কোনও ক্ষতি করার কথা ভাবে তবে নিজের ক্ষতির জন্য তাকে তৈরি থাকতে হবে।’ এরপরেই বাবা সিদ্দিকি এবং সিধু মুসেওয়ালা খুনের সঙ্গে বিষ্ণোই গ্যাংয়ের যোগসাজসের বিষয়টি প্রকাশ্যে আনা হবে বলে হুমকি দিয়েছে তারা। তাদের দাবি, মুসেওয়ালাকে কারা মারল, অস্ত্র কেনার জন্য কোথা থেকে অর্থ এল, সব রেকর্ড তাদের কাছে আছে। পাকিস্তানকে টার্গেট করলে সব প্রকাশ করবে তারা।