


শ্রীনগর: পরপর টানা আট দিন। সংঘর্ষ বিরতি চুক্তি ভেঙে ভারত লক্ষ্য করে গুলি চালাল পাক সেনা। বৃহস্পতিবার রাতে জম্মু ও কাশ্মীরের পাঁচটি জেলায় নিয়ন্ত্রণরেখা ও আন্তর্জাতিক সীমানা বরাবর গুলি চলার খবর মিলেছে। পাল্টা জবাব দিয়েছে ভারতীয় সেনাও। পহেলগাঁও হামলার পর থেকেই পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ প্রস্তুতি শুরু করেছে ভারত। আর তাতেই কাঁপুনি ধরেছে ইসলামাবাদের। নিজেদের অস্তিত্ব প্রমাণ করতেই সীমান্তে পাক সেনা বারবার গুলি চালাচ্ছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। প্রতিরক্ষা মন্ত্রকের এক মুখপাত্র জানিয়েছেন, বৃহস্পতিবার গভীর রাতে কুপওয়ারা, বারামুলা, পুঞ্চ, নৌসেরা ও আখনুর এলাকায় গুলি চালায় পাক সেনা। মূলত ছোট আগ্নেয়াস্ত্র থেকে গুলি চালানো হয়। প্রথমে উত্তর কাশ্মীরের কুপওয়ারা ও বারামুলা এলাকায় গুলি চলে। এরপর জম্মুর পুঞ্চ ও আখনুর সেক্টরেও চুক্তি ভেঙে গুলি চালায় পাকিস্তান। রাজৌরি জেলার সুন্দেরবানি ও নৌসেরা সেক্টরেও একই কাজ করে। শেষে জম্মুর পারগওয়াল সেক্টরে আন্তর্জাতিক সীমান্তে গুলি চলে। প্রতিটি জায়গাতেই পাল্টা গুলি চালায় ভারতীয় সেনা। তবে কোনও হতাহতের খবর মেলেনি। গত বুধবার হটলাইনে পাক সেনার ডিজির সঙ্গে কথা বলেছিলেন ভারতীয় সেনার ডিজিএমও। সেই আলোচনায় পাকিস্তানকে সংঘর্ষ বিরতি চুক্তি মেনে চলার জন্য হুঁশিয়ারি দিয়েছিল ভারত। কিন্তু সেই হুঁশিয়ারি উপেক্ষা করেই ফের গুলি চালাল পাকিস্তান।