


নিজস্ব প্রতিনিধি, মারগাও: পাটুলির শুভজিত্ গুহ। কর্মসূত্রে মাঝেমধ্যেই পর্তুগালে যাতায়াত রয়েছে। তাঁর ডাকেই ভারতে এসেছেন বেশ কয়েকজন পর্তুগিজ পর্যটক। বৃহস্পতিবার বন্ধু এলিজাবেথ, সারা, নাইরা, আলিনা ও সেলিনাদের নিয়ে ফাতোরদা স্টেডিয়ামে হাজির ছিলেন তিনি। শুধু তাই নয়, প্রত্যেকে সারাক্ষণ লাল-হলুদ ব্রিগেডের জন্য গলা ফাটালেন। শুভজিত্ বলছিলেন, ‘ইস্ট বেঙ্গলের সঙ্গে একই বিমানে গোয়া এসেছি। তখন সহকারী কোচ আমাদের মাঠে আসার কথা বলেন। তাই প্রিয় দলের জন্য গলা ফাটাতে চলে এসেছি। কিন্তু দুর্ভাগ্যবশত ফাইনালে থাকতে পারব না। ৬ ডিসেম্বর পর্তুগাল ফিরে যাচ্ছি।’
এদিকে, ‘ভারতীয় ফুটবলকে বাঁচাও’ টিফো নিয়ে ফাতোরদায় ঢুকেছিলেন ইস্ট বেঙ্গল সমর্থকরা। এমনকী গ্যালারিতে তা প্রদর্শনও করেন তাঁরা। কিন্তু কিছুক্ষণ পরই নিরাপত্তারক্ষীরা সেই টিফোটি খুলে দেন। এক লাল-হলুদ সমর্থকের কথায়, ‘সিকিউরিটি এসে বলল, এআইএফএফ থেকে নির্দেশ এসেছে টিফোটা খুলে ফেলার।’