


সংবাদদাতা, বনগাঁ: এসআইআরে প্রচুর সংখ্যক মতুয়াদের নাম বাদ গিয়েছে। বিচারাধীন তালিকায় রয়েছে বহু মতুয়া ভোটার। এরই মধ্যে শুরু হয়েছে ঠাকুরনগর মতুয়া ধর্ম মহামেলা। দূর দূরান্ত থেকে মতুয়া ভক্তরা আসতে শুরু করেছেন মেলায়। সোমবার থেকে ঠাকুরবাড়ির কামনা সাগরে শুরু হয়েছে পুণ্য স্নান। পুণ্য স্নান করে ঠাকুরের কাছে মতুয়াদের একটাই চাওয়া, ‘ভোটার তালিকায় নাম তুলে দাও ঠাকুর।’ ঠাকুরনগর মেলায় এসেছিলেন মালদহের বাসিন্দা অরবিন্দ বিশ্বাস। চূড়ান্ত ভোটার তালিকায় তাঁর নাম উঠলেও পরিচিত অনেকের নাম ওঠেনি তালিকায়। এদিন কামনা সাগরে স্নানের আগে তিনি জানান, ঠাকুরের কাছে একটাই প্রার্থনা করব। কামনা সাগরে ডুব দিয়ে ঠাকুরকে বলব, ঠাকুর ভোটার তালিকায় সকলের নাম তুলে দাও। এদিন বিকালে মেলায় আসেন বনগাঁ পশ্চিমপাড়ার বাসিন্দা স্বপ্না বিশ্বাস। ভোটার তালিকায় নিজের নাম উঠলেও বাদ গিয়েছে স্বামী ও ছেলের নাম। মন খারাপ। তবুও মেলায় এসেছেন। স্বপ্না দেবী বলেন, নাম বাদ যাওয়ায় মন খারাপ। ডঙ্কার আওয়াজ মন ভালো করে দেয়। ঠাকুরের কাছে নাম তুলে দেওয়ার কামনা করব। অনিতা বিশ্বাসের মেয়ের নাম বাদ যাওয়ায় কিছুটা ক্ষুব্ধ তিনি। বলেন, আমরা মতুয়া। বিজেপি বলেছিল কোনো মতুয়ার নাম বাদ যাবে না। আমরা হিন্দু। প্রয়োজনে আন্দোলন করব।
এদিকে মতুয়াদের মেলা নিয়ে শুভেচ্ছা জানিয়ে এক্স হ্যান্ডেলে বার্তা দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী ও স্বরাষ্টমন্ত্রী। এই প্রসঙ্গে মমতা ঠাকুর বলেন, যাঁদের শুভেচ্ছা জানালেন তাঁদের ভোটের অধিকার দিক কেন্দ্র। শুভেচ্ছা জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, ‘মতুয়া ভাই-বোনেদের অধিকার রক্ষায় অতীতেও পাশে ছিলাম, আজও আছি এবং ভবিষ্যতেও অতন্দ্র প্রহরীর মতো লড়াই চালিয়ে যাব। মনে রাখবেন, বাংলার মাটিতে মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলতে আমি কাউকে দেব না।’