


নিজস্ব প্রতিনিধি, হাওড়া: আসন্ন নির্বাচনকে সামনে রেখে হাওড়া পুলিশ কমিশনারেট এলাকায় অবাধ, শান্তিপূর্ণ ও প্রভাবমুক্ত ভোটগ্রহণ নিশ্চিত করতে তৎপর পুলিশ প্রশাসন। নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনে কমিশনারেট এলাকার বিভিন্ন থানা পরিদর্শন ও সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেন হাওড়ার পুলিশ কমিশনার অখিলেশ চতুর্বেদী। রবিবার পুলিশ কমিশনার হাওড়া সিটি পুলিশের একাধিক থানা এলাকায় গিয়ে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন এবং নির্বাচন কমিশনের দেওয়া নির্দেশিকা বিস্তারিতভাবে বুঝিয়ে দেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কমিশনারেট এলাকার প্রতিটি থানাকে নির্দিষ্ট গাইডলাইন মেনে নির্বাচনী দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে এদিন বিভিন্ন থানায় গিয়ে নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখেন নির্বাচন কমিশনের পুলিশ পর্যবেক্ষকও। জগাছা থানায় বৈঠকের পর পুলিশ কমিশনার জানান, নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী পুলিশকে ছ’দফা নির্দেশ দেওয়া হয়েছে। তাঁর কথায়, ‘হিংসামুক্ত নির্বাচন নিশ্চিত করতে হবে। পাশাপাশি ভোট যাতে প্রভাবমুক্ত ও ভয়মুক্ত পরিবেশে হয়, তা দেখার দায়িত্ব পুলিশ প্রশাসনের। কোনোভাবেই ছাপ্পা ভোট চলবে না। বুথ বা বুথের আশপাশে যাতে অযথা ভিড় বা জ্যাম না হয়, সেদিকেও নজর রাখতে হবে।’ এদিন সকালেই পদস্থ আধিকারিকদের নিয়ে সাঁকরাইলে যান কমিশনার। সাঁকরাইল থানা এলাকার মানিকপুর ও নাজিরগঞ্জ সহ একাধিক এলাকা ঘুরে দেখেন তিনি। পরে জগাছা, বালি ও বেলুড়ের কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকাও পরিদর্শন করেন। একাধিক থানায় গিয়ে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন।
অন্যদিকে, নির্বাচনি আবহের মধ্যেই আগামী শুক্রবার রয়েছে রামনবমী উৎসব। অতীতে হাওড়ার কিছু এলাকায় এই উৎসবের শোভাযাত্রাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সেই অভিজ্ঞতাকে মাথায় রেখে এ বছর বিশেষ সতর্কতা নেওয়া হচ্ছে বলে জানান পুলিশ কমিশনার। তিনি বলেন, রামনবমীর দিন যেখানে যেখানে মিছিল হবে, সেখানে পর্যাপ্ত পুলিশকর্মী মোতায়েন করা হবে এবং যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য কড়া নজরদারি চালানো হবে।