


নিজস্ব প্রতিনিধি, বরানগর: নতুন মেট্রো রুটের উদ্বোধন ও জনসভায় যোগ দিতে শুক্রবার দমদমে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রশাসনিক স্তরে চূড়ান্ত প্রস্ততি চলছে। এনএসজির আধিকারিকদের সঙ্গে বারাকপুর কমিশনারেটের পুলিস ও প্রশাসনের দিনভর দফায় দফায় বৈঠক চলছে। ওইদিন ঘিঞ্জি দমদমের ট্রাফিক ব্যবস্থা সচল রাখা ও পার্কিংয়ের জন্য জায়গা চিহ্নিত করার কাজও প্রায় সম্পূর্ণ। তবে সভার মাঠে জল ও কাদা রয়েছে। সেই সমস্যা দূর করতে রাতদিন কাজ করছেন কর্মীরা। সভায় ঢোকা ও বের হওয়ার রাস্তাতেও অস্থায়ী মেরামতের কাজ শুরু হয়েছে।
দমদমের কেন্দ্রীয় সংশোধনাগার লাগোয়া আম্বেদকর ক্রীড়াঙ্গনে প্রধানমন্ত্রীর জনসভা হবে। ডাঃ শৈলেশ দাস সরণি লাগোয়া মাঠে ইতিমধ্যে দমদম পুরসভার মিনি স্টেডিয়াম তৈরির কাজ শুরু হয়েছে। মাঠ জল ও কাদায় পরিপূর্ণ। এই পরিস্থিতিতে সোমবার থেকে চারটে জেনারেটর চালিত পাম্প চালিয়ে জল সরানো হচ্ছে। বুধবার দুপুরে গিয়েও দেখা গিয়েছে, কর্মীরা মাঠের একাংশে হাঁটু সমান কাদা ও জলের মধ্যে দাঁড়িয়ে কাজ করছেন। চারটে হ্যাঙ্গারে মোট ৯০ হাজার স্কোয়ার ফুট জায়গা তৈরি করা হয়েছে। ওই জায়গায় কাদা ও জল এড়াতে কাঠ ও লোহার ফ্রেম মাটিতে বিছিয়ে তার উপর চার ইঞ্চির মোটা প্লাই দেওয়া হয়েছে। মাঠের জল ও কাদা থেকে শ্রোতাদের রক্ষা করতেই ওই প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে। এছাড়া সভাস্থল, মঞ্চ ও মাঠের কাদা ও জল নিয়ন্ত্রণ করতে মেট্রো রেলের সিভিল বিভাগ থেকে কয়েক লরি বালি ও স্টোন চিপসের গুঁড়ো ফেলা হয়েছে। এরপরেও বৃষ্টি হলে মাঠ ও লাগোয়া এলাকায় জল জমার আশঙ্কা করছেন পুলিস আধিকারিকরা।
তবে সঙ্কীর্ণ সভাস্থলে বেশি লোক উপস্থিত হলে বসা তো দূরের কথা কোথায় দাঁড়ানোর জায়গা দেওয়া হবে, ঘিঞ্জি দমদমের কোন জায়গায় পার্কিং তৈরি করা হবে, তা নিয়ে পুলিস ও প্রশাসনের দিনভর ব্যস্ততা ছিল চোখে পড়ার মতো। জানা গিয়েছে, জেশপ কারখানার ১২ নম্বর গেট লাগোয়া রাস্তা, সরোজিনী নাইডু কলেজের সামনে যশোর রোডের দুই দিকের রাস্তা, দমদম অর্ডিন্যান্স ফ্যাক্টরি থেকে মল রোড হয়ে টাটা গেট পর্যন্ত রাস্তায় গাড়ি পার্কিংয়ের পরিকল্পনা করা হয়েছে। এছাড়া ভিড় বাড়লে নাগেরবাজার উড়ালপুল বন্ধ করে, তাতেও পার্কিং করার পৃথক পরিকল্পনা করা হয়েছে। এছাড়া সভার দিন দুপুর থেকে যশোর রোড সহ আশপাশের রাস্তায় যান চলাচলও নিয়ন্ত্রণ করা হবে।