


লখনউ: প্রেমিকার বয়স ৫২। প্রেমিক তার অর্ধেক, ২৬ বছর। সোশ্যাল মিডিয়ায় আলাপ থেকে ক্রমেই জমাট বাঁধছিল অসম বয়সি এই প্রেম। কিন্তু, দীর্ঘস্থায়ী হল না। ওই মহিলাকে খুনের দায়ে গ্রেপ্তার করা হল হাঁটুর বয়সি প্রেমিককে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ফারুখাবাদে। পুলিস সূত্রে খবর, গত ১১ আগস্ট এক অজ্ঞাত পরিচয় মহিলা দেহ উদ্ধার হয়। তদন্তে নেমে জানা যায়, মৃতার নাম রানি। মইনপুরীর বাসিন্দা। তাঁর চার সন্তান রয়েছে। এরপরও অরুণ রাজপুতের সঙ্গে তিনি প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন। বছর দেড়ের আগে ইনস্টাগ্রামে তাঁদের আলাপ। নিজের বয়স আড়াল করতে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ফিল্টার ব্যবহার করতেন রানি। ফলে সহজেই তাঁর প্রেমে হাবুডুবু খেতে শুরু করে ২৬-এর অরুণ। ফারুখাবাদের হোটেলে তাঁরা দেখাও করতেন। এর মধ্যে রানি দেড় লক্ষ টাকা দিয়েছিলেন অরুণকে। কিছু সময় পর থেকেই তাঁকে বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন ওই মহিলা। না হলে টাকার ফেরত দিতে বলেছিলেন। তদন্তকারীরা জানিয়েছেন, ১০ আগস্ট রানিকে মইনপুরীতে ডেকে পাঠান অরুণ। সেখানেও বিয়ে অথবা টাকা ফেরতের জন্য চাপ দিতে থাকেন প্রেমিকা। তা নিয়ে বচসাও শুরু হয়। রেগে গিয়ে মহিলাকে শ্বাসরোধ করে খুন করেন যুবক। তারপর সেখান থেকে পালিয়ে যান। শীর্ষ এক পুলিস আধিকারিক জানিয়েছেন, প্রথমে ওই মহিলার পরিচয় মিলছিল না। বিভিন্ন জায়গায় ছবি পাঠানো হয়। তদন্তকারীরা জানতে পারেন, ওই মহিলা ফারুখাবাদের বাসিন্দা। ফোনের কললিস্ট ও লোকেশন ট্র্যাক করে অরুণের খোঁজ মেলে। টানা জেরায় ভেঙে পড়েন অভিযুক্ত প্রেমিক। অরুণ জানান, বিয়ে জন্য চাপ দিচ্ছিলেন রানি। অন্যথায় বাড়িতে সবকিছু জানিয়ে দেওয়ার হুমকিও দেন। তাই প্রেমিকাকে তিনি শ্বাসরোধ করে খুন করেছেন। বর্তমানে জেলে ঠাঁই হয়েছে অরুণের।