


প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত ‘সিটাডেল’ সিরিজের দ্বিতীয় সিজন মুক্তির অপেক্ষায় ছিলেন দর্শক। সিরিজটি এতই জনপ্রিয় হয় যে এর ভারতীয় সংস্করণও তৈরি হয়েছে। বরুণ ধাওয়ান ও সামান্থা রুথ প্রভু অভিনীত সেই সিরিজের নাম ‘সিটাডেল হানি বানি’। ইতিমধ্যে ‘সিটাডেল ২’-এর জন্য শ্যুট সেরে ফেলেছেন প্রিয়াঙ্কা। তারপরেও সিরিজটি স্থগিত হয়েছে বলে শোনা যাচ্ছে। পাশাপাশি ভারতীয় সংস্করণ ‘সিটাডেল হানি বানি’র কাজও থমকে গিয়েছে। ২০২৫ সালে মুক্তির কথা ছিল প্রিয়াঙ্কা অভিনীত সিরিজের দ্বিতীয় সিজন। তবে সংশ্লিষ্ট ওটিটি সংস্থা ও নির্মাতারা পরিকল্পনা করেছেন, সিরিজটি ২০২৬ সালে প্রকাশ্যে আনা হবে। কারণ ওটিটি সংস্থা নাকি ‘সিটাডেল ২’ নিয়ে সন্তুষ্ট নয়। সেকারণেই পিছনো হচ্ছে মুক্তি। ‘সিটাডেল ২’ মুক্তির পর তার পারফরম্যান্স দেখেই ভারতীয় সংস্করণের কাজ শুরু করা হবে বলে খবর।
হলিউডের পাশাপাশি ফের ভারতীয় ছবির কাজে মন দিয়েছেন প্রিয়াঙ্কা। এস এস রাজামৌলির পরিচালনায় মহেশ বাবুর সঙ্গে জুটি বেঁধে একটি ছবিতে কাজ করতে চলেছেন অভিনেত্রী। সদ্য ভারতে এসেছিলেন তিনি। হায়দরাবাদে বেশ কিছুদিন শ্যুটিংও করে গিয়েছেন।
অন্যদিকে, ‘কৃষ ৪’-এ প্রিয়াঙ্কা কাজ করতে পারেন বলে জল্পনা ইন্ডাস্ট্রিতে। তা যদি সত্যি হয়, সেক্ষেত্রে প্রথমবার হৃতিকের পরিচালনায় কাজ করবেন অভিনেত্রী। কারণ এই ছবির হাত ধরে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করছেন হৃতিক। সদ্য তাঁর বাবা পরিচালক রাকেশ রোশন এই ঘোষণা করেছেন। তিনি বলেছেন, ‘হৃতিকের হাতে পরিচালনার দায়িত্ব তুলে দেওয়ার সঠিক সময় এটাই।’ ইন্ডাস্ট্রিতে ২৫ বছর কাটানোর পর হৃতিক নতুন ভূমিকায় কতটা সাবলীল হতে পারেন, তার জবাব মিলবে বড় পর্দায়।