


নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: বর্ধমানের তেজগঞ্জের একটি স্কুলে এক শিক্ষকের বিরুদ্ধে ‘ব্যাড টাচ’-এর অভিযোগ তুলে শুক্রবার অভিভাবকরা বিক্ষোভ দেখান। বর্ধমান থানার পুলিস ওই শিক্ষককে আটক করে পরিস্থিতি সামাল দেয়। পুলিস কর্মীরা কোনওরকমে তাঁকে গাড়িতে তুলে দ্রুত থানায় নিয়ে আসেন। অভিভাবকদের দাবি, ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে হামেশাই তিনি ব্যাড টাচ করতেন। বিষয়টি সে যাতে কাউকে না বলে তার জন্য ভয় দেখানো হতো। কিন্তু, বারবার একই ঘটনা হওয়ায় ওই ছাত্রী সব কিছু পরিবারের লোকজনকে জানাই। ওই ঘটনার যাতে আর পুনরাবৃত্তি না হয় তারজন্য পরিবারের লোকজন বিষয়টি প্রথমে স্কুল কর্তৃপক্ষকে জানিয়েছিল। কিন্তু, তাতেও কোনও কাজ হয়নি। অভিযুক্ত শিক্ষক তাঁর স্বভাব বদলাননি। সেই কারণেই অভিভাবকরা স্কুলের সামনে জমায়েত করে বিক্ষোভ দেখাতে থাকেন।
এক অভিভাবক বলেন, ওই শিক্ষক শিক্ষার পরিবেশ কলুষিত করেছেন। তাঁর জন্য ষষ্ঠ শ্রেণির ওই ছাত্রী স্কুলে যেতে ভয় পাচ্ছেন। তাঁর কঠোর শাস্তি হওয়া দরকার। ওই শিক্ষক অবশ্য পুলিস গাড়িতে ওঠার সময় কোনও মন্তব্য করতে চাননি। পূর্ব বর্ধমান জেলা পরিষদের শিক্ষা কর্মধ্যক্ষ শান্তনু কোনার বলেন, অত্যন্ত নিন্দনীয় ঘটনা। এধরনের অভিযোগ এই প্রথম নয়, অন্য কয়েকটি স্কুলে আগে উঠেছিল। এই সমস্ত শিক্ষকের চরম শাস্তি হওয়া দরকার।