


মুম্বই: চার ম্যাচে ৭ পয়েন্ট। চলতি আইপিএলে দুর্দান্ত ছন্দে রয়েছে পাঞ্জাব কিংস। স্বভাবতই আত্মবিশ্বাসে ফুটছে শ্রেয়স আয়ার ব্রিগেড। ঠিক উলটো অবস্থা মুম্বই ইন্ডিয়ান্সের। চার ম্যাচে তাদের ঝুলিতে মাত্র ২ পয়েন্ট। হারের হ্যাটট্রিকের জেরে একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে পাঁচবারের চ্যাম্পিয়নদের মনোবল। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার পাঞ্জাবের মুখোমুখি হচ্ছেন হার্দিক পান্ডিয়ারা। তার আগে রোহিত শর্মার হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ। ওয়াংখেড়েতে হিটম্যানের খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
ব্যাটিং-বোলিং, উভয় বিভাগেই সমস্যা রয়েছে মুম্বইয়ের। পাওয়ার প্লে’তে উঠছে না ঝড়। মাথাব্যথা বাড়িয়েছে সূর্যকুমার যাদব ও তিলক ভার্মার অফ ফর্ম। একবার পঞ্চাশের গণ্ডি পেরলেও ‘স্কাই’ আগের মতো দাপটে ব্যাট করছেন না। আর তিলক তো চূড়ান্ত ব্যর্থ। চার ইনিংসে তাঁর রান যথাক্রমে ২০, ০, ১৪ ও ১। প্রত্যাশা পূরণে ব্যর্থ অধিনায়ক হার্দিকও। তিন ইনিংসে তাঁর সংগ্রহ ৬৭ রান। তবে শুধু ব্যাটিং নয়, মুম্বইয়ের বোলিংকেও নির্বিষ দেখাচ্ছে। চার ম্যাচে যশপ্রীত বুমরাহ এখনও উইকেটহীন, যা তাঁর কেরিয়ারের বিরলতম দৃষ্টান্ত। কেন তিনি উইকেট পাচ্ছেন না, তা নিয়ে চলছে চর্চা। উল্লেখ্য, বুধবার মুম্বই ইন্ডিয়ান্সের অনুশীলনে হাজির হয়েছিলেন ফুটবলার সুনীল ছেত্রী। তিনি বেশ কিছুক্ষণ হার্দিক ও জয়বর্ধনের সঙ্গে কথাও বলেন।
অন্যদিকে, পাঞ্জাবকে দেখাচ্ছে অপ্রতিরোধ্য। শ্রেয়স আয়ারের নেতৃত্বে টগবগ করে ছুটছে গোটা দল। ওপেনিংয়ে প্রভসিমরন সিংয়ের সঙ্গে প্রিয়াংশ আর্য্যর জুটি সুপারহিট। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে আগের ম্যাচেই পাওয়ার প্লে’তে দু’জনে বিনা উইকেটে ৯৩ তুলে ফেলেন। রানের মধ্যে আছেন ক্যাপ্টেন শ্রেয়সও। কুপার কনোলি, শশাঙ্ক সিং, নেহাল ওয়াধেরা, মার্কাস স্টোইনিস থাকায় ব্যাটিং গভীরতাও যথেষ্ট। বোলিংয়ে অর্শদীপ সিং, জেভিয়ার বার্টলেট, মার্কো জানসেন, যুজবেন্দ্র চাহালরা ভরসা জোগাচ্ছেন পাঞ্জাবকে।