


মুম্বই, ১৯ অক্টোবর: দীপাবলির ঠিক আগেই এল খুশির খবর। মা হলেন অভিনেত্রী পরিণীতি চোপড়া। আজ, রবিবার নয়াদিল্লির এক হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন আপ নেতা রাঘব চাড্ডার ঘরণী। পরে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই খবর জানান তাঁরা। লেখেন, অবশেষে সে এসে গিয়েছে। আমাদের ছেলে হয়েছে। এই মুহূর্তের আগে জীবনকে ঠিক কেমন ছিল সেটা আমরা সত্যিই ভুলে গিয়েছি। এখন আমাদের কোল পূর্ণ, হৃদয় আরও পরিপূর্ণ। প্রথমে আমরা একে অপরকে পেয়েছিলাম। আর এখন আমাদের সবকিছু রয়েছে।
এই পোস্টের পরই আত্মীয়-পরিজন, বন্ধু, তারকা এবং অনুরাগীদের শুভেচ্ছার বন্যা শুরু হয়। ইতিমধ্যেই তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন, অনন্যা পাণ্ডে, কৃতী শ্যানন, মণীশ মালহোত্রা-সহ বলিউডের একাধিক বিশিষ্টরা। পাশাপাশি নাতির আগমনে যারপরনাই উচ্ছ্বসিত চাড্ডা এবং চোপড়া ফ্যামিলি। তবে ছেলের নাম এখনও পর্যন্ত প্রকাশ্যে আনেননি রাঘব-পরিণীতি। উল্লেখ্য, গত আগস্ট মাসেই তারকা দম্পতি জানিয়েছিলেন, শীঘ্রই তাঁদের প্রথম সন্তান আসতে চলেছে। এরপর অন্তঃসত্ত্বা পরিণীতি ডেলিভারির জন্য গতকাল অর্থাৎ শনিবারই শ্বরশুবাড়ি নয়াদিল্লিতে পৌঁছন বলে জানা যায়। তারপর আজ আসে খুশির খবর।