


বিশ্বজিৎ মাইতি, বরানগর: বছর খানেক আগে ঘটা করে উদ্বোধন হয়েছিল সোদপুর স্টেশনের সাবওয়ে। কিন্তু সামান্য বর্ষাতেই জল থইথই সেই সাবওয়ে। দেওয়াল গড়িয়ে পড়ছে জল। সেই জলে পা পিছলে কেউ হুমড়ি খেয়ে পড়ছেন। কেউবা অতি সাবধানে পা ফেলে পারাপার করছেন। দিনের পর দিন নিত্যযাত্রীরা চরম ভোগান্তির শিকার হলেও রেল কর্তৃপক্ষের কোনও ভ্রূক্ষেপ নেই বলে অভিযোগ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শিয়ালদহ-রানাঘাট শাখায় বিধাননগর রোড ও দমদম জংশন স্টেশনের পর সোদপুরই সবচেয়ে ব্যস্ত স্টেশন। প্রতিদিন কয়েক হাজার যাত্রী যাতায়াত করেন এই স্টেশন দিয়ে। যাত্রীদের সুবিধার্থে বছর খানেক আগে সোদপুর স্টেশনে একটি সাবওয়ে তৈরি করা হয়েছিল। কিন্তু এক বছর যেতে না যেতেই ওই সাবওয়ে থেকে জল চুইয়ে পড়ছে। এমনকি, সাবওয়ের দেওয়াল বরাবর স্রোতের মতো জল নামছে। মূলত দুই ও তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে নিচে নামলেই অঝোর ধারায় জল পড়ে। সোদপুরের বাসিন্দা টোটন দত্ত বলেন, বৃষ্টি হলেই এই সাবওয়ে আর ব্যবহার যোগ্য থাকে না। এতটাই জল আসে সাবওয়েতে হাঁটাই দায় হয়ে ওঠে। ফলে বাধ্য হয়ে প্রান হাতে করে আমাদের রেললাইন পার করতে হয়। বেহাল সাবওয়ে নিয়ে সরব নিত্য যাত্রীদের বড় অংশ। এই সাবওয়ে রেল যাত্রীদের মতো এলাকাবাসীও ব্যবহার করেন। ফলে সাধারণ শহরবাসীও এই সাবওয়ে নিয়ে তিতিবিরক্ত। তবে রেলের আধিকারিকদের দাবি, পানিহাটির সিংহভাগ এলাকা জলমগ্ন। মাটির উপরে জল ভরে থাকলে তা নিচে চুইয়ে নামবে। এই বাস্তব সমস্যা সকলকের বোঝা উচিত। তবে যে কারিগরি প্রক্রিয়ায় আন্ডারপাসটি তৈরি করা হয়েছিল তাতে জল পড়ার কথা নয়। কোথায় লিকেজ, কেন সমস্যা তা ইঞ্জিনিয়াররা পরীক্ষার পর বলতে পারবেন। দ্রুত বিষয়টি খতিয়ে দেখা হবে।