


মুম্বই, ৮ মে: অপারেশন সিন্দুরের পর ভারত ও পাকিস্তানের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত। ভারতে মক ড্রিল হয়েছে গতকাল, বুধবারই। গোটা দেশেই এখন পরিস্থিতি উত্তেজনাপূর্ণ। এমন পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল ‘ভুল চুক মাফ’ সিনেমার প্রযোজকরা। আগামী কাল, শুক্রবার ৯ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল রাজকুমার রাও ও ওয়ামিকা গাব্বি অভিনীত এই সিনেমাটির। কিন্তু বর্তমান পরিস্থিতির কথা মাথাতে রেখে সেই সিনেমা এখন প্রেক্ষাগৃহের বদলে মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্মে। আগামী ১৬ মে সরাসরি ওটিটি প্ল্যাটফর্মেই মুক্তি পাবে ‘ভুল চুক মাফ’ সিনেমা। আজ, বৃহস্পতিবার এই বিষয়ে একটি বিবৃতিও জারি করেছে প্রযোজনা সংস্থা। ‘ভুল চুক মাফ’ সিনেমাটি পরিচালনা করেছেন করণ শর্মা। সিনেমাটিতে রাজকুমার রাও ও ওয়ামিকা গাব্বি ছাড়াও অভিনয় করতে দেখা যাবে সীমা পাওয়া, রঘুবীর যাদব, সঞ্জয় মিশ্রকে।