


গুয়াহাটি: কলেজ ছাত্রীকে ধর্ষণ করে খুন! বিজেপি শাসিত অসমের জোরহাটের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। চারদিন নিখোঁজ থাকার পর সোমবার একটি সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার করা হয় টিটাবরের নন্দনাথ সইকিয়া কলেজের এক ছাত্রীর দেহ। গত ৭ নভেম্বর কলেজ থেকে বাড়ি ফেরার পথে তিনি নিখোঁজ হয়ে গিয়েছিলেন। পরিবারের লোকজন থানায় নিখোঁজ ডায়েরিও করেন। তারপর উদ্ধার হয়েছে দেহ। এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ উঠেছে। চাপের মুখে টিটাবর থানার অফিসার ইন-চার্জকে ‘রিজার্ভ ক্লোজ’ করেছে প্রশাসন।
পুলিশ সূত্রে খবর, ১৮ বছরের ওই ছাত্রীকে খুনের আগে ধর্ষণ করা হয়েছে বলে সন্দেহ তদন্তকারীদের। ময়নাতদন্তের রিপোর্টে বিষটি স্পষ্ট হতে পারে। এই ছাত্রী ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলেও জানা গিয়েছে। জগৎ সিং নামে ৬৩ বছরের এক ব্যক্তিকে হেপাজতে নিয়েছে পুলিশ। তাঁর দোকানের সেপটিক ট্যাঙ্ক থেকে ছাত্রীদের দেহ উদ্ধার হয়। জগতের দুই সন্তান কৃষাণ ও জীবন সিং এবং রেকিবুদ্দিন আহমেদ নামে এক ফার্মাসিস্টকেও গ্রেফতার করা হয়েছে।