


নয়াদিল্লি: রেশন কার্ড সংক্রান্ত নতুন নিয়ম চালু করল কেন্দ্রীয় সরকার। গণবণ্টন ব্যবস্থার চলতি নিয়মে সংশোধন করে কেন্দ্র জানিয়েছে, এবার থেকে রেশন কার্ড চালু রাখার জন্য প্রতি পাঁচ বছর অন্তর বাধ্যতামূলকভাবে ই-কেওয়াইসি জমা করতে হবে। শুধু তাই নয়, ছ’মাস খাদ্যসামগ্রী না তুললে রেশন কার্ড সাময়িকভাবে বন্ধ হয়ে যাবে। এবিষয়ে বুধবার বিজ্ঞপ্তি জারি করেছে উপভোক্ত বিষয়ক, খাদ্য ও গণবণ্টন মন্ত্রক। ‘দ্য টার্গেটেড পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম (কন্ট্রোল) অ্যামেন্ডমেন্ট অর্ডার, ২০২৫’ শীর্ষক এই নয়া নির্দেশিকায় রেশন কার্ড নিয়ে নয়া নিময়গুলির উল্লেখ রয়েছে। কেন্দ্রের বক্তব্য, জাল রেশন কার্ড ঠেকানো, উপযুক্ত গ্রাহকের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া ও গণবণ্টন ব্যবস্থাকে আরও স্বচ্ছ করতেই এই পদক্ষেপ।
কেন্দ্রীয় সরকারের সংশোধিত নিয়মে বলা হয়েছে, প্রতি পাঁচ বছর অন্তর বাধ্যতামূলকভাবে ই-কেওয়াইসি সংগ্রহের প্রক্রিয়া চালাতে হবে রাজ্য সরকারগুলিকে। আর এই প্রক্রিয়ার মাধ্যমেই ‘অযোগ্য’দের নাম বাদ দিতে হবে। সেই সঙ্গেই পৃথক বা সেপারেট রেশন কার্ডের জন্য ন্যূনতম বয়স ধার্য করা হয়েছে ১৮ বছর। ফলে ১৮ বছর বয়স হওয়ার আগে কেউ পৃথক রেশন কার্ডের অধিকারী হবে না বলে জানানো হয়েছে কেন্দ্রের এই বিজ্ঞপ্তিতে। পাঁচ বছরের কম বয়সি শিশুদের ক্ষেত্রে সম্ভব হলে আধার নম্বর সংগ্রহ করতে হবে। আর পাঁচ বছর বয়স হওয়ার পর এক বছরের মধ্যে ই-কেওয়াইসি সংক্রান্ত প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। বলা হয়েছে, কেউ যদি বরাদ্দ খাদ্যসামগ্রী ছ’মাস না তোলেন, তাহলে তাঁর রেশন কার্ড সাময়িকভাবে বন্ধ হয়ে যাবে। এরকম কার্ড ফের চালু করতে রাজ্য সরকারকে তিন মাসের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।