


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জিএসটি কর কাঠামোয় পরিবর্তনের কথা ইতিমধ্যেই জানিয়েছে কেন্দ্র। তাদের দাবি, সাধারণ মানুষের উপর থেকে জিএসটির বোঝা কমবে। বিভিন্ন মহল থেকে অনুমান করা হচ্ছে, সরকার ১২ শতাংশ করের হারটি তুলে দেবে। তা মিশিয়ে দেওয়া হতে পারে ৫ এবং ১৮ শতাংশের সঙ্গে। এদিকে খেলনার উপর বর্তমানে দু’ধরনের জিএসটির হার প্রযোজ্য। ব্যাটারি চালিত খেলনায় তা ১৮ শতাংশ, বাদবাকিতে ১২ শতাংশ। সব ধরনের খেলনার উপর যাতে জিএসটির হার ৫ শতাংশ রাখা হয়, তার জন্য আর্জি জানাল টয় অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া।
এই বিষয়ে জিএসটি কাউন্সিলের সদস্য এবং রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের সঙ্গে দেখা করেন সংগঠনের কর্তারা। সংগঠনের সভাপতি অক্ষয় বিঞ্জরাজকা বলেন, পশ্চিমবঙ্গে মূলত ব্যাটারিবিহীন খেলনা প্রস্তুত করা হয়। এই শিল্প ক্রমশ বাড়ছে। সেই খেলনার জিএসটির হার যদি কোনওভাবে ১৮ শতাংশে নিয়ে যাওয়া হয়, তাহলে তা চাহিদার উপর মারাত্মক প্রভাব ফেলবে এবং শিল্পের ক্ষতি হবে। আমরা তাই সব রকমের খেলনার উপরই ৫ শতাংশ হারে নিয়ে আসার আর্জি জানিয়েছি। আশা করি, কাউন্সিলের বৈঠকে আমাদের দাবি মেনে নেওয়া হবে।