


নয়াদিল্লি: ফের মাথা তুলছে খুচরো মুদ্রাস্ফীতি। গত মাসের তুলনায় দ্বিগুণ বেড়ে ডিসেম্বরে এই হার হল ১.৩৩ শতাংশ। গত তিন মাসে তা সর্বোচ্চ। মূলত খাদ্যসামগ্রীর ঊর্ধ্বগতি মুদ্রাস্ফীতিকে ঠেলে তুলেছে। যদিও এই নিয়ে টানা চারমাস রিজার্ভ ব্যাংকের নির্ধারিত সহনশীলতা সীমার মধ্যেই রয়েছে মুদ্রাস্ফীতির হার।
গত নভেম্বরে গ্রাহক মূল্য সূচক (সিপিআই) ভিত্তিক মুদ্রাস্ফীতি ছিল ০.৭১ শতাংশ। অর্থাৎ গত ডিসেম্বরে এই হার প্রায় দ্বিগুণ বেড়েছে। এর আগে গত সেপ্টেম্বর মাসে খুচরো মুদ্রাস্ফীতি ছিল ১.৪৪ শতাংশ। ২০২৪ ডিসেম্বরে অবশ্য এই হার ছিল বেশ চড়া, ৫.২২ শতাংশ। খুচরো মুদ্রাস্ফীতি মাথা তুললেও ডিসেম্বরে খাদ্য মূদ্রাস্ফীতি শূন্যের নীচে ২.৭১ শতাংশ। এই নিয়ে পরপর টানা সাতমাস খাদ্য মুদ্রাস্ফীতি শূন্যের নীচেই রয়েছে। যদিও নভেম্বরের তুলনায় এই হার বেড়েছে। সোমবার সিপিআই সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে জাতীয় পরিসংখ্যান অফিস (এনএসও)। সেখানে বলা হয়েছে. সব্জি, ব্যক্তিগত পরিচর্যা সামগ্রী, মাছ, মাংস, মশলা ডাল ও অন্যান্য পণ্যের দাম বেড়েছে। এর জেরেই খুচরো মুদ্রাস্ফীতি গত তিন মাসে সবচেয়ে বেশি হয়েছে। এই হার গ্রামীণ অঞ্চলের চেয়ে বেশি শহরে। গ্রামীণ ভারতে তা ছিল ০.৭৬ শতাংশ। শহরে ২.০৩ শতাংশ।