


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যের পুরসভাগুলির অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া টাকা নিয়ে দীর্ঘদিনের জট কাটল হাইকোর্টে। বহরমপুর পুরসভার অবসরপ্রাপ্ত কর্মীদের অবসরকালীন বকেয়া সংক্রান্ত একগুচ্ছ মামলা দায়ের হয়েছিল হাইকোর্টে। যার প্রেক্ষিতে বিচারপতি রাজাশেখর মান্থা ও বিচারপতি অজয়কুমার গুপ্তর ডিভিশন বেঞ্চের নির্দেশ, রাজ্যকে বকেয়া টাকা মেটানোর জন্য অর্থ সাহায্য করতে হবে পুরসভাকে। অর্থদপ্তরের সচিব এই নিয়ে ব্যবস্থা নেবেন। পুরসভাগুলিকেও অর্থ সাহায্যের জন্য রাজ্যের কাছে আবেদন করতে হবে। আইনজীবী অরিন্দম দাস জানিয়েছেন, এবার রাজ্যের সব পুরসভাই অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মেটানোর জন্য সরকারের কাছে সাহায্য চাইতে পারবে।