


নয়াদিল্লি: আগামী ৯ মার্চ শুরু হবে বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব। চলবে ২ এপ্রিল পর্যন্ত। এই পর্বের প্রথম দিনই লোকসভার অধ্যক্ষের বিরুদ্ধে বিরোধীদের অনাস্থা প্রস্তাব নিয়ে বিতর্ক ও ভোটাভুটি হবে। রবিবার এমনটাই জানিয়েছেন সংসদ বিষয়কমন্ত্রী কিরেণ রিজিজু। এদিন বিরোধীদের উদ্দেশে প্রচ্ছন্ন হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। জানিয়েছেন, প্রথমের পর দ্বিতীয় পর্বেও যদি বিরোধীরা বিক্ষোভ চালিয়ে যান, তাহলে তাদের ফল ভুগতে হবে। রিজিজুর বার্তা, বিরোধীরা সংসদ চালাতে না দিলে আর্থিক প্রস্তাব গিলোটিনে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হবে। তেমন হলে বিরোধীদেরই ক্ষতি হবে। কারণ বিতর্কে অংশ না নিলে, তা বিরোধীদেরই ক্ষতি। কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব খুবই আকর্ষণীয় হতে চলেছে। বেশ কিছু গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল বিল আলোচনার জন্য উত্থাপন করা হবে।