


চেন্নাই: মজার মুহূর্ত বদলে গেল আতঙ্কে। চেন্নাইয়ের একটি বিনোদন পার্কে জয় রাইড করতে গিয়ে বড়সড় দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন অন্তত ৩০ জন সওয়ারি। মাটি থেকে অন্তত ৫০ ফুট উঁচুতে আটকে পড়েন তাঁরা। তিন ঘণ্টা পর তাঁদের নিরাপদে নামিয়ে আনে দমকল ও পুলিস। যান্ত্রিক ত্রুটির কারণে এই বিপত্তি বলে প্রাথমিক তদন্তে জানিয়েছে পুলিস। চেন্নাইয়ের ইস্ট কোস্ট রোডের পাশেই গড়ে উঠেছে বিনোদন পার্কটি। প্রতিদিনের মতো মঙ্গলবার বিকেলে প্রচুর মানুষ ভিড় করেছিলেন পার্কে। তাঁদের মধ্যে অনেকেই মজা করতে রোলার কোস্টারে ওঠেন। কিন্তু আচমকাই বিপত্তি। সওয়ারিদের নিয়ে প্রায় ৫০ ফুট উঁচুতে থমকে যায় রোলার কোস্টার। ১০ মহিলা ও ৮ শিশু সহ ত্রিশজন যাত্রী আতঙ্কিত হয়ে পড়ে। খবর পেয়ে চলে আসে দমকল ও পুলিস। কোনওক্রমে নামিয়ে আনা হয় যাত্রীদের। ততক্ষণে কেটে গিয়েছে তিন ঘণ্টা। নেমে আসার পরও তাঁদের চোখে-মুখে ছিল আতঙ্কের ছাপ। এক সওয়ারি বলেন, আমরা প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম। মনে হচ্ছিল নীচে পড়ে যাব। আমাদের উদ্ধার করার জন্য প্রশাসনের কাছে কৃতজ্ঞ। দমকলের তরফে লোগানাথন বলেন, সন্ধ্যা ৬টা নাগাদ রোলার কোস্টারের একটি ইঞ্জিন বিকল হয়ে উপরে থমকে যায়। নিরাপদেই নীচে নামিয়ে আনা হয় আটকদের।
চলছে উদ্ধারকাজ। -পিটিআই