


ওয়াশিংটন: ইরানের সঙ্গে ইজরায়েল-আমেরিকার সংঘাত চলছেই। অবরুদ্ধ হরমুজ প্রণালী। এর জেরে সারা বিশ্বে জ্বালানি সংকটের আঁচ পড়েছে। এরইমধ্যে মার্কিন ‘তেল অবরোধে’ হাঁসফাঁস দশা লাতিন আমেরিকার ছোট্ট দেশ কিউবার। উপকূলে রয়েছে তেলবাহী রুশ ট্যাঙ্কার। সেই ট্যাঙ্কারকে কিউবার বন্দরে নোঙর করতে দেবে আমেরিকা? এব্যাপারে মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার রাতে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রুশ ট্যাঙ্কার যদি কিউবাকে তেল দেয়, তাহলে তাঁর কোনো ‘সমস্যা নেই’। কারণ, ওই দেশকেও তো বাঁচতে হবে।
এর আগে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইসের একটি প্রতিবেদনে জানানো হয়, রাশিয়ার ট্যাঙ্কারকে কিউবায় যাওয়ার অনুমতি দেওয়া হতে পারে। এই রিপোর্ট সম্পর্কে প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, ‘যদি কোনো দেশ এখন কিউবায় তেল পাঠাতে চায়, তা নিয়ে আমার কোনো সমস্যা নেই। সেটা রাশিয়া হোক বা অন্য কোনো দেশ।’ এদিকে, সোমবার রাশিয়ার পরিবহণ মন্ত্রক জানিয়েছে, আনাতোলি কোলোডকিন নামে তেলের ট্যাঙ্কারটি ইতিমধ্যে কিউবার মাতানজাস বন্দরে পৌঁছেছে। ওই ট্যাঙ্কারে মানবিক সহায়তা হিসাবে ৭৩ লক্ষ ব্যারেল তেল পাঠানো হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হল, ইউক্রেনে যুদ্ধের কারণে এই ট্যাঙ্কারটির উপর নিষেধাজ্ঞা চাপিয়েছিল আমেরিকা, ইউরোপ ও ব্রিটেন। সূত্রের খবর, এই ট্যাঙ্কারে পাঠানো তেল থেকে ১৮ লক্ষ ব্যারেল ডিজেল তৈরি করতে পারবে। তা দিয়ে কিউবায় আগামী ৯-১০ দিনের চাহিদা সামাল দেওয়া যাবে।
কিউবা নিয়ে রীতিমতো কড়া অবস্থান নিয়েছেন ডন। কিউবায় পালাবদলের লক্ষ্যে ইতিমধ্যে সেদেশে তেলের জোগান কার্যত বন্ধ করে দিয়েছে আমেরিকা। এর ফলে কিউবাজুড়ে গ্যাসোলিনের অভাব দেখা দিয়েছে। সমস্যায় পড়েছে হাসপাতালগুলি। যাত্রী পরিবহণ ব্যবস্থাও ভেঙে পড়ার মুখে। সব মিলিয়ে নাজেহাল দশা আমজনতার। যদিও ট্রাম্প এবং মার্কো রুবিও কিউবার নাগরিকদের পাশে থাকার বার্তা দিয়েছেন। কিউবা নিয়ে দীর্ঘদিন ধরেই রাশিয়া ও আমেরিকার মধ্যে ভূ-রাজনৈতিক টানাপোড়েন চলছে। এই পরিস্থিতিতে ট্রাম্পের এই ‘উদার’ মনোভাব নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও ডন সাফ জানিয়েছেন, এই সিদ্ধান্তের ফলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কোনোভাবেই লাভবান হবে না। তিনি বলেন, ‘এর ফলে ওঁর (পুতিন) কোনো লাভ হবে না। এর কোনো প্রভাবও পড়বে না। কিউবা শেষ। ওই দেশে অপশাসন চলছে। ওঁদের নেতারা অত্যন্ত খারাপ ও দুর্নীতিগ্রস্ত। ওরা এক ট্যাঙ্কার তেল পেল কি না, তাতে কিছু যায় আসে না।’ ছবি: এএফপি