


শেফালি শাহ, হুমা কুরেশি, রসিকা দুগ্গল— এই তিন অভিনেত্রীর সঙ্গে ফ্রেম শেয়ার করবেন সায়নী গুপ্ত। ‘দিল্লি ক্রাইম থ্রি’ ওয়েব সিরিজে দেখা যাবে এই মহিলা বাহিনীর অভিনয়। প্রিয় অভিনেত্রীদের সঙ্গে কাজের সুযোগ পেয়ে খুশি সায়নী। ‘আমি সব সময়ই ভালো অভিনেত্রীদের সঙ্গে কাজ করেছি। আমার কেরিয়ারে মহিলা পরিচালকের সংখ্যাই বেশি। ফলে মহিলারা যেভাবে গল্প বলেন, তা বরাবরই আমার পছন্দ’, বলেন সায়নী। ‘দিল্লি ক্রাইম’ নিয়ে দর্শকের আলাদা আগ্রহ থাকেই। তা স্বীকার করে নিয়ে সায়নী বলেন, ‘এই সিরিজের আলাদা ঐতিহ্য আছে। রসিকা আমার পুরনো বন্ধু। ও তো রয়েইছে। পাশাপাশি শেফালি এবং হুমার মতো অসাধারণ অভিনেত্রীর সঙ্গে কাজ করব। ওরা মানুষ হিসেবেও দুর্দান্ত।’ এই সিরিজে প্রথম থেকে ছিলেন না সায়নী। হঠাৎ করেই তাঁর আগমন। তাতে কি কোনও সমস্যা হবে? অভিনেত্রীর জবাব, ‘নির্মাতারা যখন কোনও অভিনেতাকে বেছে নেন, তিনি কাজটা পারবেন বলেই তাঁর উপর ভরসা রাখা হয়। আর পারফরম্যান্সের সময় আমি চাপ নিই না। কারণ তার প্রভাব কাজে পড়তে পারে।’