


১৯৬৩ সাল। মস্কো ফিল্ম ফেস্টিভ্যালে ‘সিলভার’ পুরস্কার জিতলেন সুচিত্রা সেন। ইতিহাস গড়েছিলেন বাঙালির মহানায়িকা। কারণ সেই প্রথমবার কোনো ভারতীয় অভিনেত্রী আন্তর্জাতিক মঞ্চে পুরস্কৃত হলেন। সৌজন্যে অজয় কর পরিচালিত ‘সাত পাকে বাঁধা’। আর ডি বনশাল প্রযোজিত ছবিটি ফের প্রদর্শিত হবে মস্কো ফিল্ম ফেস্টিভ্যালে। চলতি বছর ৪৮তম চলচ্চিত্র উৎসবে ‘আউট অব কম্পিটিশন’ বিভাগে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হয়েছে সুচিত্রা সেন, সৌমিত্র চট্টোপাধ্যায়, তরুণ কুমার, পাহাড়ি সান্যাল অভিনীত এই ছবি।
১৯৬৩ সালে মুক্তি পেয়েছিল এই ছবিটি। বক্স অফিসে সেই সময়ের নিরিখে বিপুল সাফল্য পায়। পরবর্তীতে তামিল, তেলুগু ও হিন্দিতে রিমেক হয় ছবিটির। হিন্দি রিমেক ‘কোরা কাগজ’ও সমাদৃত হয়েছিল। ৬০ বছরের পুরনো এই ছবিটি ৩৫ মিমি রিলিজ প্রিন্ট থেকে ফোর কে রেজোলিউশনে পুনরুদ্ধার করা হয়েছ। সেই ভার্সনই দেখানো হবে মস্কো ফিল্ম ফেস্টিভ্যালে। আগামী ১৬ এপ্রিল শুরু হচ্ছে এই চলচ্চিত্র উৎসব। ‘সাত পাকে বাঁধা’ ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে ১৭ এপ্রিল। সেদিন বিকেল পাঁচটায় ওকতিয়াব্র প্রেক্ষাগৃহে দেখানো হবে ছবিটি। ইতিহাসের পাতা ফের উলটেপালটে দেখতে মুখিয়ে রয়েছেন দর্শকও।