


সানা: পশ্চিম এশিয়ায় সৌদি আরবের সঙ্গে সংযুক্ত আরব আমিরশাহির টক্কর নতুন মাত্রা নিল। সোমবার ইয়েমেনের বন্দর শহর মুকাল্লায় বিমান হামলা চালাল সৌদি। রিয়াধের দাবি, ইয়েমেনের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সাদার্ন ট্র্যানজিশনাল কাউন্সিলের (এসটিসি) হাতে অস্ত্র পৌঁছে দিতে আমিরশাহির ফুজাইরা বন্দর থেকে বেশ কয়েকটি জাহাজ রওনা হয়েছিল। মুকাল্লা বন্দরে অস্ত্রশস্ত্র নামিয়ে সড়ক পথে তা এসটিসি শিবিরের উদ্দেশে রওনা হয়। সেই অস্ত্রবাহী গাড়িগুলিতেই হামলা চালিয়েছে রিয়াধ।
রিয়াধের রাষ্ট্রায়ত্ত সংবাদসংস্থা সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, গোয়েন্দা মারফৎ মুকাল্লায় অস্ত্র নামানোর খবর পায় তারা। দেশের নিরাপত্তার পক্ষে ঝুঁকি থাকায় এবং সাধারণের প্রাণহানি ঠেকাতে সোমবার রাতে ‘নিয়ন্ত্রিতভাবে’ হামলা চালানো হয়। ঘটনার পরেই সারাদেশে জরুরি অবস্থা জারি করল ইয়েমেন। তবে সৌদির দাবি উড়িয়ে দিয়েছে আমিরশাহির বিদেশ মন্ত্রক। আবু ধাবি জানিয়েছে, তারা কোনও অস্ত্র পাঠায়নি। এই মুহূর্তে ইয়েমেনের নিয়ন্ত্রণ রয়েছে একাধিক গোষ্ঠীর হাতে। দুই আরবই হাউথি গোষ্ঠীর বিরোধী। তবে তাদের বিরুদ্ধে গোষ্ঠীদের দিকে তাদের সমর্থন রয়েছে। আমিরশাহি যেখানে এসটিসিকে সমর্থন করছে, সেখানে সৌদির সমর্থন রয়েছে ন্যাশনাল সিলড ফোর্সের (এনএসএফ) দিকে। সমর বিশেষজ্ঞরা বলছেন, এসটিসির চাপে এখন অনেকটাই কোণঠাসা এনএসএফ। তাদের সুবিধা পাইয়ে দিতেই এই হামলা। ছবি: সমাজমাধ্যম।