


নয়াদিল্লি: ও পি জিন্দাল গোষ্ঠীর কর্ণধার তথা হরিয়ানার বিধায়ক সাবিত্রী জিন্দাল বর্তমানে দেশের ধনীতম মহিলা। ফোর্বসের ২০২৫ সালের বিলিয়নেয়ার লিস্ট সেকথাই বলছে। ফোর্বস প্রকাশিত তথ্য অনুযায়ী সাবিত্রীর মোট সম্পত্তির পরিমাণ ৩ হাজার ৫৫০ কোটি ডলার। মোট সম্পদের নিরিখে সামগ্রিকভাবে দেশে তৃতীয় স্থানে রয়েছেন সাবিত্রী। প্রথম ও দ্বিতীয় স্থানে যথাক্রমে মুকেশ আম্বানি ও গৌতম আদানি। তবে ভারতের শীর্ষ দশ বিলিয়নেয়ারের মধ্যে একমাত্র মহিলা সাবিত্রী জিন্দালই।
চলতি বছরে ভারতে বিলিয়নেয়ারের সংখ্যা আরও পাঁচজন বেড়ে হয়েছে ২০৫। সংখ্যার নিরিখে এটি সর্বকালীন রেকর্ড। এই ২০৫ জনের মোট সম্পদের পরিমাণ ৯৪ হাজার ১০০ কোটি ডলার। গতবছর এই অঙ্কটা ছিল সামান্য বেশি— ৯৫ হাজার ৪০০ কোটি ডলার। মূলত মুদ্রার মূল্য ও শেয়ার বাজারে পতনের কারণে এবছর ভারতের ধনকুবেরদের মোট সম্পদের পরিমাণ কিছুটা কমেছে।
মোট বিলিয়নেয়ারের নিরিখে এবারও শীর্ষে আমেরিকা (৯০২ জন)। দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে চীন (৪৫০ জন) ও ভারত (২০৫ জন)। আর বিশ্বজুড়ে মোট বিলিয়নেয়ারের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে। গোটা বিশ্বের নিরিখে শীর্ষ স্থানে রয়েছেন এলন মাস্ক (৩৪ হাজার ২০০ কোটি ডলার)। এর পরেই রয়েছেন যথাক্রমে মার্ক জুকেরবার্গ (২১ হাজার ৬০০ কোটি ডলার) ও জেফ বেজোস (২১ হাজার ৫০০ কোটি ডলার)। বিশ্বের নিরিখে প্রথম দশে এবার কোনও ভারতীয় নেই। মুকেশ আম্বানি রয়েছেন ১৮তম স্থানে। ২৮তম স্থান পেয়েছেন গৌতম আদানি।