


বার্লিন: পাকিস্তানি সেনাবাহিনীর সর্বাধিনায়ক তিনি। আয়ুব খানের পর তিনিই সে দেশের ইতিহাসে দ্বিতীয় ফিল্ড মার্শাল। এহেন ‘পাঁচতারা’ খেতাবের অধিকারী আসিম মুনিরকেই আইকার্ড নিয়ে খোঁচা দিলেন এক নিরাপত্তা আধিকারিক! চকিতে ঘটে যাওয়া এই ঘটনার ভিডিয়ো এখন আন্তর্জাতিক মহলে ভাইরাল।
জার্মানির মিউনিখ শহরে চলছে নিরাপত্তা সম্মেলন। প্রতিবছর এই সম্মেলনে যোগ দিতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে রাষ্ট্রনেতা, কূটনীতিবিদ থেকে সেনা আধিকারিকরা হাজির হন। এবছর সেই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরও। ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে, অনুষ্ঠানস্থলের দিকে দলবল নিয়ে এগিয়ে যাচ্ছেন মুনির। তখনই এক নিরাপত্তা আধিকারিক লক্ষ্য করেন, মুনিরের আই কার্ডে পরিচয় স্পষ্টভাবে দেখা যাচ্ছে না। তখন সেই মহিলা নিরাপত্তা আধিকারিক নিজের আইকার্ড দেখিয়ে মুনিরকে থামিয়ে দেন। বলেন, ‘আপনার আইকার্ডটি একটু ঘুরিয়ে নেবেন?’ হতচকিত হয়ে একটু থেমে হনহন করে অনুষ্ঠানস্থলের দিকে এগিয়ে যান মুনির। এমনিতে রুটিন ঘটনা হলেও, কোনো দেশের সেনাপ্রধানকে সভাস্থলে প্রবেশের আগে এভাবে নিয়মের গেরোয় আটকানো হবে, তা প্রায় অকল্পনীয়।
কয়েক দিন ধরেই আসিম মুনির ইস্যুতে সরগরম জার্মানি। তাঁকে মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে আমন্ত্রণের বিরোধিতায় সরব জার্মানির একটি মানবাধিকার সংগঠন। জিয়ায় সিন্ধ মুত্তাহিদা (জেএসএমএম) মাহেদের দাবি, পাকিস্তানে মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে। তাই সেই দেশের সেনাপ্রধানকে আমন্ত্রণের প্রতিবাদে মিউনিখে অনুষ্ঠানস্থলের কাছেই বিক্ষোভ দেখাচ্ছে জেএসএমএম। সংগঠনের চেয়ারম্যান শাফি বুরফৎ বলেন, ‘আমি দুঃখিত, মর্মাহত।’ তার মধ্যে এহেন ‘খোঁচা’য় বিদেশের মাটিতে মুখ পুড়ল পাকিস্তানের।