


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২০২৪-২৫ অর্থবর্ষে সেনকো গোল্ড লিমিটেডের আয়ের অঙ্ক দাঁড়াল ৬ হাজার ৩১৩ কোটি টাকারও বেশি। তার আগের অর্থবর্ষের তুলনায় বৃদ্ধির হার ১৯.৭%। ২০২৪-২৫ অর্থবর্ষে সংস্থাটির কর পরবর্তী মুনাফা দাঁড়িয়েছে ১৫৯ কোটি টাকারও বেশি। ২০২৩-২৪ অর্থবর্ষের তুলনায় মুনাফা কিছুটা কমেছে। সেনকো গোল্ড দাবি করেছে, ২০২৪ সালের জুলাইতে সোনার ওপর কাস্টমস ডিউটি অনেকটা কমে যাওয়ার প্রভাব পড়েছে মুনাফায়। হীরের গয়নার বিক্রি গত অর্থবর্ষে অনেকটাই বেড়েছে বলে দাবি করেছে তারা। বিক্রির অঙ্ক ৩৮ শতাংশ এবং বিক্রির পরিমাণ ২১ শতাংশ বেড়েছে। গত অর্থবর্ষের শেষ তিন মাস অর্থাৎ ২০২৫ সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময়ে কর পরবর্তী মুনাফা অনেকটাই বাড়াতে সক্ষম হয়েছে সেনকো গোল্ড। ২০২৪ সালের ওই তিন মাসে যেখানে মুনাফা ছিল ৩২ কোটি টাকা, তা বেড়ে ৬২ কোটি টাকারও বেশি হয়েছে। সংস্থাটি নিজেদের শোরুমগুলি থেকে খুচরো ব্যবসা ২১ শতাংশ বাড়াতে সক্ষম হয়েছে।