


বর্ষীয়ান চিত্রনাট্যকার সেলিম খানকে হাসপাতালে দেখতে গেলেন শাহরুখ খান। শনিবার রাতে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে যান অভিনেতা। গত ১৭ ফেব্রুয়ারি হাসপাতালে ভর্তি করা হয়েছে নবতিপর সেলিমকে। তাঁর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। তবে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন সলমন। সমস্ত কাজ বন্ধ রেখেছেন তিনি। হাসপাতালে বাবার সঙ্গেই দিন কাটছে তাঁর। এই আবহে বন্ধুর পাশে দাঁড়ালেন শাহরুখ। শনিবার রাতে সলমন ছাড়াও হাসপাতালে ছিলেন আরবাজ খান, সোহেল খান সহ অন্যান্যরা। সকলের সঙ্গে সেলিমের শারীরিক অবস্থা নিয়ে কথা বলেছেন অভিনেতা। এর আগে সেলিমকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন আমির খান, জাভেদ আখতার সহ তাবড় তারকারা। শাহরুখ বর্তমানে ব্যস্ত আসন্ন ছবি ‘কিং’ নিয়ে। এই ছবির শ্যুটিং শেষের পথে। পাশাপাশি রজনীকান্তের ‘জেলার ২’ ছবিতেও একটি ক্যামিও চরিত্রে দেখা যাবে অভিনেতাকে।