


নয়াদিল্লি: ইন্ডিগো বিপর্যয়ের পরই দেশজুড়ে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। উড়ান পরিষেবায় একটি নির্দিষ্ট সংস্থার একচেটিয়া ব্যবসা নীতিকে কেন্দ্র করে জোর চর্চা চলছে। এর জেরে অস্বস্তিতে পড়তে হয়েছে মোদি সরকারকেও। এই পরিস্থিতিতে নতুন বছরে আরও তিনটি বিমান পরিবহণ সংস্থার পরিষেবা প্রদানের খবর সামনে এসেছে। শঙ্খ এয়ার, আল হিন্দ এয়ার ও ফ্লাই এক্সপ্রেস। রবিবার সামনে এল নয়া তথ্য। ২০২৬ সালের প্রথম ত্রৈমাসিকেই পরিষেবা শুরু করতে চলেছে শঙ্খ এয়ার। এদিন একথা জানিয়েছেন শঙ্খ এয়ারের ম্যানেজিং ডিরেক্টর শ্রবণ কুমার বিশ্বকর্মা। বলেছেন, মধ্যবিত্ত যাত্রীদের কথা মাথায় রেখে টিকিটের দামও কম রাখা হবে।
শ্রবণ কুমার বিশ্বকর্মা বলেন, ‘আপাতত পাঁচটি বিমান পরিচালনা করা হবে। এগুলি বুলগেরিয়া থেকে কেনা হচ্ছে। নতুন বছরের শুরুতেই তিনটি এয়ারবাস এ ৩২০ আসবে। ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে আসবে বাকি দুটি এ ৩২১ বিমান। তাই ফেব্রুয়ারি মাসেই পরিষেবা চালুর পরিকল্পনা রয়েছে। নথিপত্র তৈরিতে যদি সময় লাগে, তাহলে কিছুটা দেরি হতে পারে। এক্ষেত্রে ২০২৬ সালের প্রথম ত্রৈমাসিকের মধ্যেই পরিষেবা চালু হবে। প্রথমে উত্তরপ্রদেশের মধ্যে বিমান চলবে। পরের দিকে লখনউ-দিল্লি এবং লখনউ-মুম্বই রুটে উড়ানের পরিকল্পনা রয়েছে। দেশে জায়গাটা মজবুত হলে ২০২৯ সালের মধ্যে আন্তর্জাতিক পরিষেবা শুরু হবে।’