


আমেদাবাদ: চলতি আইপিএলে স্বপ্নের ফর্মে আছেন সাই সুদর্শন। এখনও পর্যন্ত ১০ ইনিংস তাঁর ব্যাট থেকে এসেছে ৫০৪ রান। সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় প্রথম স্থানে থেকে কমলা টুপিরও মালিক তিনি। সাই সুদর্শনের দুরন্ত পারফরম্যান্সে মুগ্ধ রবি শাস্ত্রী। জুনে ভারতীয় দলের ইংল্যান্ড সফরে তাঁদে দেখতে চাইছেন প্রাক্তন তারকা। তাঁর কথায়, ‘তিন ফরম্যাটেই ভারতের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠতে পারে সুদর্শন। ওর টেকনিক দারুণ। বাঁ হাতি ব্যাটসম্যান। আমি তো বলব, ইংল্যান্ড সফরে টেস্ট সিরিজের ভারতীয় দলে ওকে বিবেচনা করা উচিত।’ পাশাপাশি শ্রেয়সকেও প্রশংসায় ভরিয়েছেন শাস্ত্রী। ভারতের প্রাক্তন কোচের কথায়, ‘চলতি আইপিএলে দুরন্ত ফর্মে রয়েছে শ্রেয়স। ইংল্যান্ড সফরে ওর নাম নিয়ে চর্চা তো হবেই। তবে সফর এখনও অনেকটা সময় দূরে। শেষ পর্যন্ত নির্বাচকরা কোন কোন প্লেয়ারকে বেছে নেন সেটাই দেখার।’ বোলারদের প্রসঙ্গে শাস্ত্রীর মন্তব্য, ‘আমি চাই, একজন বাঁহাতি পেসার যেন দলে থাকে। আইপিএলে যে সব বাঁ হাতি জোরে বোলাররা ভালো পারফরম্যান্স মেলে ধরছে, তাদের উপর নজর রাখুক নির্বাচকরা।’