


ইস্তানবুল, ৭ এপ্রিল: তুরষ্কের রাজধানী ইস্তানবুলে ইজরায়েলের কনস্যুলেটের সামনে চলল গুলি। মৃত্যু হল তিন হামলাকারীর। জখম ২ পুলিশ কর্মী। আজ, মঙ্গলবার ঘটনাটি ঘটেছে শহরের ব্যস্ততম জায়গা বেসিকতাস এলাকায়। ওই স্থানেই রয়েছে ইজরায়েলি কনস্যুলেট। এদিন সকালে তার সামনেই কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখা যায়। এরপর সেখানে মোতায়েন থাকা কর্তব্যরত পুলিশ কর্মীরা তাঁদের জিজ্ঞাসাবাদ করতে গেলেই গুলি ছুঁড়তে শুরু করে তারা। পাল্টা জবাব দেন পুলিশ কর্মীরাও। দুই পক্ষের গুলির লড়াইয়ে তিনজন হামলাকারীরই মৃত্যু হয়।
অন্যদিকে বন্দুকবাজদের হামলায় গুরুতর জখম হয়েছেন ২ জন পুলিশ কর্মীও। তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাঁদের অবস্থা স্থিতিশীল বলেই জানা যাচ্ছে। আপাতত ওই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার হয়েছে। জারি করা হয়েছে সতর্কতাও। হামলাকারীদের নাম-পরিচয় জানা যায়নি। তারা কোনও জঙ্গি সংগঠনের কী না সেটিও খতিয়ে দেখা হচ্ছে। এখনও পর্যন্ত কোনও সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি। শুরু হয়েছে তদন্ত।