


নয়াদিল্লি: সম্প্রতি আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে ফিরেছেন ভারতীয় নভশ্চর শুভাংশু শুক্লা। তাঁর এই ঐতিহাসিক মিশন অত্যন্ত সফল ও নিরাপদভাবেই সম্পূর্ণ হয়েছে। বুধবার একথা জানিয়েছেন ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর প্রধান ভি নারায়ণ। শুধু তাই নয়, শুভাংশুর সাফল্যকে গগনযান প্রকল্পের ক্ষেত্রে মাইলফলক বলেও উল্লেখ করেছেন ইসরো প্রধান।
১৯৮৪ সালে প্রথম ভারতীয় হিসেবে মহাকাশে পাড়ি দিয়েছিলেন রাকেশ শর্মা। এর ৪০ বছর পর গত ২৬ জুন বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু দ্বিতীয় ভারতীয় হিসেবে মহাকাশে পাড়ি দেন। এপ্রসঙ্গে ইসরো প্রধান বলেন, ‘এই অভিযান ছিল গগনযান প্রকল্পের প্রথম ধাপ। যার প্রধান লক্ষ্য ছিল, মহাকাশে মানুষের শরীর ও মন কীভাবে কাজ করে তা পরখ করে দেখা। মহাকাশ স্টেশনে শুভাংশুর অভিজ্ঞতা গগনযান প্রকল্পকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।’ ২০২৭ সালে গগনযান মিশনের পরিকল্পনা রয়েছে ভারতের।