


চণ্ডীগড়: পাকিস্তানে তীর্থে গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিলেন শিখ মহিলা। ভারতে ফিরে আসেননি। সম্প্রতি জানা গিয়েছে, এক ব্যক্তিকে বিয়ে করে ওই দেশেই থেকে গিয়েছেন তিনি। ধর্মান্তরণের পর নিজের নাম পালটে ফেলেছেন সরবজিৎ কাউর নামে ওই মহিলা। উর্দু ভাষায় লেখা বিয়ের ‘নিকাহনামা’ ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে। সেখানে সরবজিতের নতুন নাম নূর। এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। সংশ্লিষ্ট নথির সত্যতা যাচাইয়ের চেষ্টা চালাচ্ছে ভারতীয় দূতাবাস। স্থানীয় প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে নয়াদিল্লি। জারি রয়েছে তল্লাশি। একাধিক সংবাদমাধ্যমের দাবি, শেখুপুরার বাসিন্দা নাসির হুসেনকে বিয়ে করেন সরবজিৎ। সরবজিৎ পাঞ্জাবের কাপুরথালার বাসিন্দা। কয়েক বছর আগে স্বামী কার্নাইল সিংয়ের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়। সূত্রের খবর,গত ৪ নভেম্বর প্রায় ২ হাজার শিখ পুণ্যার্থীর সঙ্গে ওয়াঘা-আটারি সীমান্তে দিয়ে পাকিস্তানে যান সরবজিৎ। একাধিক তীর্থস্থান দর্শন করে ১৩ নভেম্বর ভারতে ফিরে আসেন পুণ্যার্থীরা। কিন্তু সরবজিৎ ফেরেননি।