


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পরীক্ষামূলকভাবে যেসব জায়গায় স্মার্ট মিটার বসানো হয়েছে, সেগুলিকে সাধারণ মিটার হিসেবেই গণ্য করা হবে। অর্থাৎ, আগে যেভাবে গ্রাহকরা তিন মাস অন্তর বিল দিতেন, সেভাবেই বিল দিতে পারবেন তাঁরা। আগে থেকে টাকা জমা দেওয়ার প্রয়োজন নেই। বুধবার বিধানসভায় একথা জানিয়েছেন রজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস। এদিন বিদ্যুৎমন্ত্রীকে স্মার্ট মিটার নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করার কথা বলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। অরূপবাবু জানিয়েছেন, কেন্দ্রীয় সরকারের তরফে সর্বত্র স্মার্ট মিটার লাগানোর নিদান দেওয়া হয়েছিল। কিন্তু সাধারণ মানুষের কথা ভেবে বাংলায় তা কার্যকর হওয়া আটকে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিস্তারিত তথ্য তুলে ধরে তিনি আরও বলেন, ‘কেন্দ্রীয় সরকারই স্মার্ট মিটার লাগানোর নির্দেশিকা পাঠিয়েছিল। সেই নির্দেশিকায় প্রতিটি ক্ষেত্রে অর্থাৎ যেখানে বিদ্যুৎ সংযোগ আছে বা দেওয়া হচ্ছে, সেখানে স্মার্ট মিটার লাগানো বাধ্যতামুলক করা হয়। কেন্দ্রীয় সরকার জনবিরোধী এই সিদ্ধান্ত মানুষের উপর চাপিয়ে দিয়েছিল। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই।’