


ইন্দোর: রবিবার মহিলাদের ক্রিকেট বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলছেন স্মৃতি মান্ধানা। ইন্দোরের হোলকার স্টেডিয়ামের মাঠ সাক্ষী থেকেছে তাঁর খেলার। আর এদিনই জানা গেল, শীঘ্রই ইন্দোর শহরের পুত্রবধূ হচ্ছেন মহিলা ক্রিকেট দলের সহ অধিনায়ক। জানালেন, তাঁর হবু স্বামীই। দীর্ঘদিন ধরেই পরিচালক তথা কম্পোজার পলাশ মুচ্ছলের সঙ্গে স্মৃতির সম্পর্ক নিয়ে চর্চা চলছে। দু’জনের কেউই সে কথা মুখ ফুটে বলেননি কখনও। তবে একাধিকবার সমাজমাধ্যমে একে অপরের সঙ্গে ছবি পোস্ট করেছেন। তা দেখে দুইয়ে দুইয়ে চার করতে সময় লাগেনি অনুরাগীদের। এই আবহে পলাশ নিজেই স্বীকার করলেন, স্মৃতির সঙ্গে সম্পর্কের কথা। জানালেন, শীঘ্রই গাঁটছড়া বাঁধতে চলেছেন দু’জনে। সম্প্রতি ইন্দোরে একটি সাংবাদিক বৈঠকে যোগ দেন সঙ্গীতশিল্পী পলক মুচ্ছলের ভাই। সেখানে স্মৃতির বিষয়ে প্রশ্ন করা হয় তাঁকে। জবাবে তিনি বলেন, ‘খুব শীঘ্রই ইন্দোরের পুত্রবধূ হতে চলেছে স্মৃতি। এটুকুই আমার বলার।’ এরপরই তাঁর সংযোজন, ‘আমি কিন্তু হেডলাইন দিলাম।’!